১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে

2026-06-07T11:15:43+00:00
2026-06-07T11:15:43+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
জাতীয়
১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ১৯)
সংগৃহীত ছবি
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধাপে ধাপে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত আদেশে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রস্তুতি ও পরিদর্শন কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়েই উন্নত ও বিস্তৃত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
আরও পড়ুন

বর্তমানে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমিত শয্যার কারণে রোগীদের চাপ সামাল দিতে সমস্যা হয়। শয্যা সংখ্যা বাড়লে স্থানীয় পর্যায়েই বেশি সংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন, ফলে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোর ওপর চাপও কমবে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে পরিদর্শন দল গঠন করা হবে। এই দল হাসপাতালগুলোর অবকাঠামো, ভবন সক্ষমতা, সম্প্রসারণ সম্ভাবনা এবং অতিরিক্ত শয্যা স্থাপনের উপযোগিতা যাচাই করবে।

এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) পরিদর্শন কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য-উপাত্ত সরবরাহের বিষয়েও বলা হয়েছে নির্দেশনায়।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের সক্ষমতা বৃদ্ধি পাবে। বিশেষ করে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা, মেডিসিন ও সার্জারি সেবায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। একই সঙ্গে রোগীদের শহরমুখী চাপও অনেকটা কমে আসবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্মকর্তাদের মধ্যে আদেশটি ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং ওয়েবসাইট ও ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এএডি/



  বিষয়:   শয্যা  উন্নীত  দেশ  সব  উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্স 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: