ডিজিটাল অর্থনীতির প্রসার এবং অনলাইনভিত্তিক উদ্যোক্তাদের উৎসাহিত করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বড় ধরনের কর নীতিগত পরিবর্তনের প্রস্তাব আসতে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ওপর আরোপিত বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ উৎস কর প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় রয়েছে।
একই সঙ্গে রাজধানীর মেট্রোরেল ভাড়ার ওপর বিদ্যমান ভ্যাট বা মূসক অব্যাহতির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাবও বাজেটে যুক্ত হতে পারে।
বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, ইউটিউব, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসা বৈদেশিক আয়ের ওপর বর্তমানে যে উৎস কর প্রযোজ্য, তা নতুন বাজেটে প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, ফিন্যান্স বিল ২০২৬- এ সংক্রান্ত সংশোধনী যুক্ত করা হতে পারে। তবে এনবিআরের ব্যাখ্যা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের বোঝানো হবে। কোনো মিডিয়া হাউস বা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।
আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানেই এই প্রস্তাবগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
সরকারি সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী বৈঠকে এই কর ছাড়ের প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।
আরও পড়ুন
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের দ্রুত বিকাশমান ‘ক্রিয়েটর ইকোনমি’ আরও শক্তিশালী হবে এবং তরুণদের মধ্যে ডিজিটাল উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়বে। বর্তমানে ফ্রিল্যান্সিং ও কনটেন্ট নির্মাণ খাত বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে ফ্রিল্যান্সারদের আয়ের ওপর উৎস কর ইস্যুতে সাম্প্রতিক সময়ে কিছু বেসরকারি ব্যাংকও পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে, যা খাতটিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বর্তমানে বাংলাদেশে প্রায় পাঁচ লাখের বেশি ফ্রিল্যান্সার ডিজিটাল সেবায় যুক্ত আছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মেট্রোরেল ভাড়ায় ভ্যাট ছাড় অব্যাহত থাকার সম্ভাবনাঅন্যদিকে যাত্রীসেবা ও জনপ্রিয়তা বিবেচনায় ঢাকা মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও এক বছর বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। চলতি বছরের জুনে এ সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন বাজেটে তা বাড়ানোর প্রস্তাব আসতে পারে।
২০২২ সালের ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রোরেল রাজধানীর গণপরিবহনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখের বেশি যাত্রী এই সেবা ব্যবহার করছেন, যা নগর যাতায়াতে স্বস্তি ও সময় সাশ্রয়ের বড় মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।
এএডি/