ওয়ারীতে ৫৭ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগে ৯ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পুরান ঢাকায় ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় একটি সংঘবদ্ধ আন্তঃজেলা

2026-06-07T13:39:58+00:00
2026-06-07T13:39:58+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
জাতীয়
ওয়ারীতে ৫৭ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগে ৯ ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ১৮)
সংগৃহীত ছবি
রাজধানীর পুরান ঢাকায় ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাতচক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে লুট হওয়া সোনার একটি অংশ, নগদ অর্থ এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদ রানা এ তথ্য জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৭ মে রাতে নবাবপুর এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার ব্যবসা শেষে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। পরে মাদক বহনের অভিযোগ তুলে ভয়ভীতি প্রদর্শন করে দুজনকে একটি মাইক্রোবাসে তুলে নেয়।

চক্রের সদস্যরা তাদের চোখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে সঙ্গে থাকা ৫৭ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগীদের রাজধানীর কমলাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
আরও পড়ুন

ঘটনার পর দায়ের হওয়া মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে চক্রটির সদস্যদের শনাক্ত করে পুলিশ। শনিবার রাজধানীর ইত্তেফাক মোড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির নতুন পরিকল্পনার সময় ছয় সদস্যকে আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডিবি পুলিশের ব্যবহৃত পোশাক সদৃশ কটি, খেলনা পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, লাঠি ও মোবাইল ফোন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ও ঢাকার তাঁতিবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের কাছ থেকে লুট হওয়া সোনার মধ্যে ১৭ ভরি গলানো সোনা উদ্ধার করা হয়েছে। এছাড়া সোনা বিক্রি করে পাওয়া ৬ লাখ ৮০ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চক্রটি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে নতুন করে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে এবং চক্রটির অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এএডি/


  বিষয়:   ওয়ারী  সোনা  ছিনতাই  অভিযোগ  ডাকাত  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: