বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে ক্রিকেট অঙ্গনে বাড়ছে উত্তেজনা। বিশেষ করে ক্লাব ক্যাটাগরির পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচনের দিন মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রোববার (৭ জুন) সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নেন তামিম। সকাল সাড়ে ১১টার কিছু পরে তিনি ভোট দেন। একই সময়ে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনও, যিনি ক্যাটাগরি-১ এর ভোটার হিসেবে অংশ নেন।
আরও পড়ুন
এবারের নির্বাচনে ইতোমধ্যে কয়েকটি পরিচালক পদে ফল নির্ধারিত হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী না থাকায় ৮ জন পরিচালক বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হয়েছেন।
তবে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে ক্যাটাগরি-২ বা ক্লাব প্রতিনিধিদের নির্বাচনে। এই ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে নির্বাচনের মূল লড়াই এখন এই অংশেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।
তামিম ইকবালও এই ক্যাটাগরির একজন প্রার্থী। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন পরিচিত মুখ। ফলে ক্লাবভিত্তিক এই ভোটযুদ্ধ বিসিবির ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ৪১ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিনিধির পাশাপাশি রাজধানীর বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও রয়েছেন।
এএডি/