শেরপুরের নালিতাবাড়ীতে ১৯২ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ সালমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা মিশন এলাকায় অভিযান চালিয়ে মদভর্তি প্রাইভেটকার জব্দ এবং সালমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালমান উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে প্রাইভেটকারে করে ভারতীয় মদ পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল দাওধারা এলাকায় অভিযান পরিচালনা করে। ভোর ৫টার দিকে দাওধারা ইসলামিক মিশনের সামনে পাকা সড়কে অবস্থান নিয়ে সন্দেহভাজন প্রাইভেটকারের গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং চালক সালমানকে গ্রেফতার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সময়ের আলো/জেডি