ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ এবং খানাখন্দেভরা সড়ক সংস্কারে পদক্ষেপ নেয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী জনগণ। রবিবার( ৭ জুন) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ সংলগ্ন নলছিটি দপদপিয়া সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নেত্রী বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী, দপদপিয়া ইউনিয়নে নদী ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. রমজান আকন হৃদয়, আহবায়ক ফরিদ আহমদ, স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী বেলাল হোসেন, বাসদ বরিশাল জেলার দপ্তর সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধন শেষে বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, খয়রাবাদ নদীর ভাঙনে নদী তীরের মানুষ সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের ঘরবাড়ি, কৃষি জমি সবকিছু নদী কেড়ে নিয়েছে। বর্ষা মৌসুমে এই ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। অতিদ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে আরও শতশত মানুষ গৃহহীন হবে।
বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তী বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হওয়ার পর আমরা দেখতে পেয়েছি গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোন সরকারই নদীর তীরবর্তী মানুষদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার যদি খয়রাবাদ নদীসহ অন্যান্য নদীর তীরবর্তী মানুষদের রক্ষায় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা বুঝে নিবো দেশে কোন পরিবর্তন আসেনি।
এসময় উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক নারী পুরুষ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধন ও মিছিলে অংশ নেন।
সময়ের আলো/জেডি