রাজধানীর গেন্ডারিয়া দয়াগঞ্জ এলাকায় বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (২৭) নামে এক যুবক মারা গেছে। সে রাজমিস্ত্রীর কাজ করতো।
রোববার (৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়া দয়াগঞ্জ নামাপাড়া একটি নির্মাণাধীন ভবনের এর সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তিনি মারা যায়।
হাসপাতালে নিহত মান্নানের বোন জামাই আমির হোসেন জানান, তাদের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার গোপালপুর গ্রামে। মান্নান মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় বোনের বাসায় থাকতো এবং রাজমিস্ত্রীর কাজ করতো। মান্নানের স্ত্রী শারমিন আক্তার সুমি ও এক মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বরগুনায় থাকে।
আজকে সকারে দয়াগঞ্জ নামাপাড়া এলাকায় কাজে যায়। সেখানে বন্ধু মহসিন ও রাজন ওরফে বাঘার সাথে মোবাইলে গেমস খেলছিল। গেম খেলাকে কেন্দ্র করে মহসিন একটি রড মান্নানের বাম পায়ের উরুতে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর পথচারীরা মান্নানকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি গেন্ডারিয়া থানায় জানানো হয়েছে।
গেন্ডারিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী জানান, দয়াগঞ্জ এলাকায় একটি মারামারির ঘটনা হয়েছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় মান্নান নামে এক যুবক ঢাকা মেডিকেলে মারা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
/কেএইচও