রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার (৭ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এই ঘটনায় পুলিশ জাহিদ নামের এক মোটরসাইকেল চালককে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই পথচারী। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই ‘আজমেরী গ্লোরী পরিবহন’ নামের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালিবাগ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় মোটরসাইকেল চালক জাহিদকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/জেডি