শাড়ির স্তূপের নিচে লুকিয়েও পুলিশের হাত থেকে শেষরক্ষা হলো না ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এক নেতার। সম্প্রতি সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হলে তা নিয়ে হাস্যরসে মেতে উঠেছে পশ্চিমবঙ্গ। ঘটনাটি ঘটেছে রাজ্যের হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বিলসাপুর এলাকায়।
গ্রেফতারকৃত ওই নেতার নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। তার বিরুদ্ধে সরকারি আবাসন প্রকল্প থেকে অবৈধভাবে কমিশন (কাটমানি) নেওয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মানন্দ চক্রবর্তীর বিরুদ্ধে সরকারি আবাসন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। এই ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার অভিযানে নামে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার এড়াতে ব্রহ্মানন্দ চক্রবর্তী পাশের একটি কাপড়ের দোকানের গুদামে ঢুকে পড়েন এবং শাড়ির বিশাল স্তূপের নিচে নিজেকে লুকান। তবে পুলিশি তল্লাশির মুখে তার এই চাতুরি ব্যর্থ হয়। শাড়ির স্তূপের নিচ থেকে তাকে শনাক্ত করে টেনে বের করে নিয়ে আসে পুলিশ। নাটকীয় এই গ্রেফতারের পুরো দৃশ্যটি ক্যামেরায় বন্দি হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের এভাবে লুকিয়ে থেকে গ্রেফতারের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে কোচবিহারে শাহিদুল মিয়া নামের আরেক তৃণমূল নেতা গ্রামবাসীদের তাড়া খেয়ে নিজের ঘরের খাটের নিচে লুকিয়েছিলেন। পরে পুলিশ তাকে সেখান থেকে টেনে বের করে গ্রেফতার করে।
সময়ের আলো/জেডি