স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া ইরানি তহবিল অবমুক্ত নয়, হুশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার অবসান এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগে ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা

2026-06-08T10:03:20+00:00
2026-06-08T10:03:20+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া ইরানি তহবিল অবমুক্ত নয়, হুশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:০৩ এএম   (ভিজিট : ১১)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার অবসান এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগে ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার এনবিসি নিউজের বিখ্যাত অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প এই কঠোর অবস্থানের কথা জানান। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে অবরুদ্ধ তহবিল নিয়ে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের পথ আরও সংকীর্ণ হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ইরানি সম্পদ অবমুক্ত করার বিষয়টি চুক্তি স্বাক্ষরের ‘পরে আসবে’। তিনি আরও যোগ করেন, ‘তারা যদি ভালো আচরণ করে, যদি সঠিক পথে চলে, তবেই আমরা আলোচনা শুরু করব।’

এদিকে তেহরানের পক্ষ থেকে বারবার ইঙ্গিত দেওয়া হয়েছে, যেকোনো সম্ভাব্য চুক্তি মূলত ইরানের এই ফ্রিজ হওয়া তহবিল অন্তত আংশিক অবমুক্ত করার ওপর নির্ভর করছে। মার্কিন প্রশাসনের সাথে আলোচনার ক্ষেত্রে তীব্র ‘অবিশ্বাস’-এর কথাও উল্লেখ করেছেন ইরানি কর্মকর্তারা। বিশেষ করে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্র অতীতে দুই দফায় দেশটির ওপর সামরিক অভিযান চালিয়েছিল— যা চলমান যুদ্ধবিরতি আলোচনায় ইরানি কর্মকর্তাদের চরম সতর্ক ও সন্দিহান করে তুলেছে বলে মনে করেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

যদিও গত কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছেন, একটি বড় ধরনের সমঝোতা এখন হাতের নাগালে, তবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ, ইরানের পরমাণু কর্মসূচি এবং এই অবরুদ্ধ তহবিলের মতো মূল ইস্যুগুলোতে দৃশ্যমান কোনো অগ্রগতির লক্ষণ মিলছে না।

কূটনৈতিক এই টানাপোড়েনের মধ্যেই ট্রাম্প ইরানকে নতুন করে হামলার হুমকি দিয়ে চলেছেন। গত শুক্রবার উইসকনসিন সফরের সময় একটি খামারে ধারণকৃত ওই সাক্ষাৎকারে ট্রাম্পের সেই আগ্রাসী সুরই প্রতিধ্বনিত হয়। তিনি বলেন, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি, অন্যথায় আমি তাদের ওপর চরম আঘাত হানব (ব্লো দ্য হেল আউট অব দেম)।

তবে ট্রাম্পের এই দাবির সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজায়ি। গত শনিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আলোচনা বর্তমানে সম্পূর্ণ অচলাবস্থায় রয়েছে।

মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ইরানের প্রায় ১০০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ফ্রিজ বা অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে ধারণা করা হয়। ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির আওতায় তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে এই সম্পদ ধাপে ধাপে সচল করার কথা ছিল। তবে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তেহরান বর্তমানে ১২ থেকে ২৪ বিলিয়ন ডলারের তহবিল ফেরত চাইছে। তাদের প্রস্তাব অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পরপরই অর্ধেক অর্থ এবং বাকি অর্ধেক পরবর্তী ধাপে অবমুক্ত করতে হবে। এই প্রক্রিয়াকে আমেরিকার জন্য একটি ‘আস্থার পরীক্ষা’ হিসেবে অভিহিত করেছেন ইরানি উপদেষ্টা মহসেন রেজায়ি।


/কহু



  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  ডলার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: