সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনায় অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী ১৫ জন পুলিশ সদস্যকে সরকার রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন, এখন থেকে প্রশাসনে ভালো কাজের জন্য সুনির্দিষ্ট স্বীকৃতি এবং খারাপ কাজের জন্য কঠোর তিরস্কারের ব্যবস্থা নিশ্চিত করা হবে।
সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ দফতরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে আদালতে নিখুঁত চার্জশিট দাখিল করা, দৌলতদিয়া ঘাটে অনন্য পেশাদারিত্বের মাধ্যমে অন্তত ৫০ জন বাসযাত্রীর জীবন রক্ষা করা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী খুনের ক্লুলেস মামলার দ্রুত রহস্য উন্মোচন ও আসামিদের আইনের আওতায় আনায় বিশেষ ভূমিকা রাখায় এই ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
এই ধরণের রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে সমগ্র পুলিশ বাহিনীর সদস্যদের কাজের মনোবল অনেক বৃদ্ধি পাবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার মূলত দুষ্টের দমন ও শিষ্টের পালনে মনেপ্রাণে বিশ্বাস করে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘টিআইবি’ যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটিকে পুরোপুরি পত্রিকানির্ভর বলে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন যে বাস্তবে বিগত বছরের তুলনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক দৃশ্যমান উন্নতি হয়েছে।
সময়ের আলো/টিএইচ