দিনাজপুরের বিরামপুরে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেলিনা আক্তার (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালক আফজাল হোসেন (৬০) গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৮ জুন) সকাল ১০টায় বিরামপুর পৌরশহরের টাটকপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা আক্তার দিনাজপুরের হাকিমপুর পৌরশহরের পালপাড়া মহল্লার তৌহিদুর রহমানের স্ত্রী। তিনি জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। অন্যদিকে, আফজাল হোসেন হাকিমপুর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে মেয়েকে চিরিরবন্দর শহরের একটি বিদ্যালয়ের আবাসিক হলে রেখে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন সেলিনা আক্তার। বিরামপুর পৌরশহরের বেলডাঙা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশার ভেতরে থাকা চালক ও আরোহী সেলিনা আক্তার গুরুতর আহত হন। পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করেন এবং সেলিনা আক্তারকে রংপুর মেডিকেল কলেজে ও আফজাল হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুর নেওয়ার পথে সেলিনা আক্তারের মৃত্যু হয়।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে বাস ও অটোরিকশাটি উদ্ধার করে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক ও চালকের সহকারী পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
/মহু