আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিড়ির মূল্য ও করের হারে কোনো ধরনের পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নোত্তর পর্বে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
সংসদের সংরক্ষিত নারী আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, তামাকের ওপর সুনির্দিষ্ট হারে কর বাড়িয়ে বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকার বিড়ির দাম আরও বাড়ানো হবে কিনা। একই সাথে এর ওপর অতিরিক্ত সম্পূরক শুল্ক এবং সুনির্দিষ্ট কর আরোপের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা, তাও তিনি জানতে চান।
সংসদ সদস্যের এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, তামাকজাত পণ্য বিড়ির ক্ষেত্রে আসন্ন বাজেটে নতুন করে কর বাড়ানোর কোনো প্রস্তাব নেই। বিগত বছরের মতোই বিড়ির বাজারমূল্য এবং এর ওপর প্রযোজ্য করের হার সম্পূর্ণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।