‘প্রেমিক–প্রেমিকার মধ্যেও ঝগড়া হয়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরুর তীব্র ঝুঁকি তৈরি করা ইরান ও ইসরায়েলের মধ্যকার পাল্টাপাল্টি সামরিক হামলা আপাতত বন্ধ হওয়ার ঘোষণা

2026-06-09T19:07:33+00:00
2026-06-09T19:07:33+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
‘প্রেমিক–প্রেমিকার মধ্যেও ঝগড়া হয়’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৪)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরুর তীব্র ঝুঁকি তৈরি করা ইরান ও ইসরায়েলের মধ্যকার পাল্টাপাল্টি সামরিক হামলা আপাতত বন্ধ হওয়ার ঘোষণা এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করার পর তেল আবিব ইরানে নতুন করে আক্রমণ চালানো থেকে বিরত থাকে। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি পুনরায় সামরিক পদক্ষেপ নেয়, তবে তারা ওয়াশিংটনের কৌশলগত সমর্থন হারানোর ঝুঁকিতে পড়বে।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার ওয়াশিংটনের পক্ষ থেকে এমন কোনো সময়সীমা বেঁধে দেওয়া বা শর্ত আরোপের খবরটি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে, দুই দেশের শীর্ষ নেতার মধ্যকার আলোচনাটি অত্যন্ত সহযোগিতাপূর্ণ ছিল এবং একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও কাল্পনিক গল্প বানানোর অভিযোগ তোলেন। 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইসরায়েলি রাষ্ট্রদূত লেইটার মন্তব্য করেন, ‘তাদের মধ্যে প্রায় ৪০ বছরের গভীর বন্ধুত্ব রয়েছে, আর মাঝে মাঝে প্রেমিক-প্রেমিকাদের মধ্যেও একটু ঝগড়া হয়, কখনো কখনো ঘরের পরিবেশ ও কথাবার্তা একটু উত্তপ্ত হয়ে উঠতেই পারে।’

এই ইসরায়েলি কূটনীতিক দাবি করেন, ট্রাম্পের বিশেষ অনুরোধে ইসরায়েলি নেতা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের গতি সাময়িকভাবে থামাতে রাজি হয়েছেন ঠিকই, তবে মার্কিন প্রেসিডেন্ট ‘খুব ভালো করেই’ বোঝেন যে ইসরায়েল তাদের ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত মুখ বুজে সহ্য করবে না এবং এর উপযুক্ত জবাব তাদের দিতেই হবে। তিনি আরও যোগ করেন, বেশির ভাগ ক্ষেত্রেই দুই দেশ অত্যন্ত গভীর সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে কাজ করছে এবং তাদের মধ্যে দারুণ দ্বিপক্ষীয় বোঝাপড়া রয়েছে।

অবশ্য ভেতরের খবর বলছে, নেতানিয়াহুর সাম্প্রতিক কিছু একগুঁয়ে কর্মকাণ্ডের ওপর ট্রাম্প দিন দিন বেশ বিরক্ত হয়ে উঠছেন। এর আগে তিনি ইসরায়েল ও ইরান উভয় পক্ষকেই অনতিবিলম্বে এই হামলা-পাল্টাহামলা বন্ধ করার জোরালো আহ্বান জানিয়েছিলেন। 

তিনি উল্লেখ করেছিলেন যে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ‘চূড়ান্ত আলোচনা’ বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে, তবে কোনো পক্ষের অজ্ঞতা বা বোকামি যেন এই শান্তির পথে বাধা হয়ে না দাঁড়ায়। বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, তিনি ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন যে আত্মরক্ষার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তারা তা ব্যবহার করছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী যত দিন প্রয়োজন এই সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল এবং তারা ইরানের পেট্রোকেমিক্যাল লক্ষ্যবস্তুর পাশাপাশি নতুন তৈরি করা বিমান প্রতিরক্ষাব্যবস্থার ওপর হামলার বিষয়টিও নিশ্চিত করেছে। 

অন্যদিকে ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এক সামরিক সূত্র জানিয়েছে, তেহরানও দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত এবং প্রয়োজনে এই অঞ্চলে মার্কিন স্বার্থের ওপর তারা আবার নতুন করে পাল্টা হামলা চালাতে পারে।

ইরানের পার্লামেন্ট স্পিকার এম বি গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনা করে সতর্ক করেছেন যে, বিশ্বাসের এই বড় ঘাটতি ভবিষ্যতেও এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। 

তিনি লিখেছেন, ‘আমরা কাগজে-কলমে যুদ্ধবিরতি করা এবং বাস্তবে তা বারবার লঙ্ঘন করার নিয়মটি ভেঙে দিয়েছি, যত দিন না আপনাদের মধ্যে বিশ্বাস তৈরির আসল ইচ্ছা জাগবে, তত দিন ইরানের জবাব ঠিক এমনই হবে।’

সূত্র: এনডিটিভি

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: