পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এর ফলে ঢাকা-পাথরঘাটা প্রধান মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ এই যোগাযোগ মাধ্যমটি আকস্মিক ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই পাড়ের হাজারো সাধারণ যাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ জুন) ভোররাতে আলুবোঝাই একটি ট্রাক ব্রিজে ওঠার পরপরই লোহার কাঠামোটি ধসে নদীর ওপর পড়ে যায়। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) একটি নতুন সেতুর নির্মাণকাজ চলায় দীর্ঘদিন ধরেই এই বিকল্প বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। পণ্যবাহী অতিরিক্ত ওজনের ট্রাকটি পার হওয়ার চেষ্টা করলে ব্রিজটি আর ভার সইতে না পেরে ধসে পড়ে। এই রুটের মাধ্যমে প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহন, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করত। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থবির হয়ে পড়েছে ওই অঞ্চলের সাধারণ জীবনযাত্রা।
মামুন হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে যাত্রীরা বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নদী পার হচ্ছেন এবং মালামাল পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ঢাকা-পাথরঘাটা মহাসড়কের এই বেইলি ব্রিজটির সর্বোচ্চ ধারণক্ষমতা ছিল ২০ টন। কিন্তু দুর্ঘটনা কবলিত আলুর ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি ওজনের মালামাল থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে। মহাসড়কে যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে ব্রিজটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জেডি