প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:৩০ পিএম
দুটি কার্টন থেকে প্রায় ১৪ কেজি গাঁজা জব্দ করেছে ডিবি পুলিশ। ছবি : সময়ের আলোকুমিল্লা থেকে ‘নাড়ু’ হিসেবে বুকিং করা দুটি কার্টন থেকে প্রায় ১৪ কেজি গাঁজা জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাতে শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ শাখায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ডিবি পুলিশ কুরিয়ার সার্ভিসটিতে অভিযান পরিচালনা করে। এ সময় দুটি কার্টন তল্লাশি করে সাতটি প্যাকেটে রাখা প্রায় ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ৭ জুন কুমিল্লা থেকে ‘নাড়ু’ বলে উল্লেখ করে কার্টন দুটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল।
তবে অভিযানকালে গাঁজার সম্ভাব্য গ্রাহক বা ক্রেতাকে আটক করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
/এসএকে