বিএনপির সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী আবদুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই নতুন সংসদীয় কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করা হয়।
আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতি এবং সংসদীয় প্রক্রিয়ায় অভিজ্ঞ এই জ্যেষ্ঠ নেতা এখন থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যদের নামও একই সঙ্গে সংসদ অধিবেশনে প্রকাশ করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের এই স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
কমিটির অন্য সদস্যরা হলেন বিএনপির সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রকিবুল ইসলাম, মাইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন। এর পাশাপাশি জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম এবং রাশেদুল ইসলামকেও এই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সংসদীয় নিয়ম অনুযায়ী সংসদ নেতা তারেক রহমানের বিশেষ অনুমতিক্রমে তার পক্ষ থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাবটি বুধবার অধিবেশনের শুরুতে উত্থাপন করেন। চিহ হুইপের দেওয়া প্রস্তাবটি পরবর্তীতে সংসদে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে পাস হয়।
সংসদীয় সচিবালয় সূত্র জানিয়েছে যে নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদে এখন পর্যন্ত কেবল এই একটি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চূড়ান্তভাবে গঠন করা সম্ভব হয়েছে।
সময়ের আলো/টিএইচ