বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জাতীয়তাবাদী কৃষকদলের এক নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা স্থানীয় বিএনপির আরেক নেতা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) রাত আনুমানিক ১০টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাদল মোড়ল (৪০)। তিনি সদর উপজেলার আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে এবং বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি ছিলেন। আহত আব্দুল্লাহ মোড়ল (৪২) একই গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে এবং বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজ শেষে বারুইপাড়া এলাকা থেকে ফকিরহাট সদরের দিকে যাচ্ছিলেন বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল। পথে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে বাদল মোড়লকে গলাকেটে হত্যা করা হয় এবং আব্দুল্লাহ মোড়লকে গুরুতর আহত করা হয়।
পরে এলাকাবাসী এসে আহত দুজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে।
/এসএকে