প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় কাঁচা সড়কে অস্থায়ীভাবে ইট বিছানো ও পরে তা তুলে নেওয়াকে ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও ভোগান্তি দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক ভিটা পর্যন্ত প্রায় ৫০০ মিটার কাঁচা সড়ক পাকাকরণের জন্য গত অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৮৪ লাখ টাকা বরাদ্দ দেয়। তবে কার্যাদেশ পাওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শুরু না করায় সড়কটি দীর্ঘদিন কাঁচাই থেকে যায়।
এর মধ্যে গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ওই কাঁচা সড়কে অস্থায়ীভাবে ইট বিছানো হয়, যাতে যাতায়াত সহজ হয়। সফরের সময় তিনি বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পর পৈতৃক বাড়ি পরিদর্শন করেন।
এলজিইডি সূত্র জানায়, দ্রুত প্রস্তুতির অংশ হিসেবে প্রায় ৫০০ মিটার সড়কে অস্থায়ী ইট সোলিং করা হয়েছিল। সফর শেষে ঠিকাদারকে সেই ইট তুলে নিতে নির্দেশ দেওয়া হয়। পরে ইটগুলো সরিয়ে নেওয়া হলে সড়কটি আবারও কাঁচা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এলজিইডির বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান বলেন, নিয়ম মেনেই অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছিল এবং সড়ক পাকাকরণের জন্য ইতোমধ্যে বরাদ্দ রয়েছে। তার মতে, অস্থায়ী সোলিংয়ের জন্য ইট ভাড়া নেওয়া হয়েছিল, যা পরে ফেরত দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইট বিছানোর ফলে কিছুদিনের জন্য যাতায়াত স্বাভাবিক হয়েছিল, কিন্তু পরে তা তুলে নেওয়ায় এখন আবার কাদা ও দুর্ভোগে পড়তে হচ্ছে।
অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আতিকুর রহমান জানান, এলজিইডির নির্দেশে সফরকে কেন্দ্র করে ইট সোলিং করা হয়েছিল এবং সফর শেষে ইটগুলো ভাটায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
সড়কটি পাকাকরণের জন্য বরাদ্দ থাকা সত্ত্বেও দীর্ঘদিন কাজ শুরু না হওয়া এবং অস্থায়ীভাবে সড়ক প্রস্তুত ও পরে তা তুলে নেওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে।
/এসএকে