জামায়াতে ইসলামীর ছায়া সরকার ও ছায়া বাজেট উদ্যোগের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বুধবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রশংসা করেন। এ সময় তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর টিমোথি ডাকেট ও দ্বিতীয় সচিব (রাজনৈতিক)কেটি ওয়ার্ড উপস্থিত ছিলেন। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান ও দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর অংশ নেন।
সাক্ষাৎকালে তারা নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা, অভিবাসন প্রক্রিয়া এবং দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিরোধীদলীয় নেতা বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করা, সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম এবং এ দেশের উন্নয়নে যুক্তরাজ্যের অবদানের প্রশংসা করেন।
অপরদিকে ব্রিটিশ হাইকমিশনার জামায়াতে ইসলামীর ছায়া সরকার ও ছায়া বাজেট উদ্যোগের প্রশংসা এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
/ইউএমএইচ