আলু-পেয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে। আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চাল,

2026-06-11T09:17:51+00:00
2026-06-11T09:17:51+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
আলু-পেয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:১৭ এএম   (ভিজিট : ২৮)
গ্রাফিক : সময়ের আলো
সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে। আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ও কৃষিজাত ৬০টি পণ্যের ওপর উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন কৃষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে উৎসে করের হার পণ্যভেদে ১ শতাংশ, ২ শতাংশ বা ৫ শতাংশ। নতুন প্রস্তাব অনুযায়ী এসব পণ্যের করহার একীভূত করে মাত্র ০.৫ শতাংশ নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থায় করের চাপ কমবে, যার ইতিবাচক প্রভাব ভোক্তা পর্যায়ের দামের ওপর পড়তে পারে। ফলে সাধারণ মানুষের ব্যয় কিছুটা কমার পাশাপাশি বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

যেসব পণ্যের দাম কমতে পারে

কর ছাড়ের আওতায় আসছে ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল এবং বিভিন্ন ধরনের বীজ। পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছের মতো আমিষজাত পণ্যও এই সুবিধার অন্তর্ভুক্ত হবে।

সংশ্লিষ্টদের মতে, উৎসে কর কমানো হলে পণ্য সরবরাহের ব্যয় হ্রাস পাবে। ফলে পাইকারি ও খুচরা বাজারে নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হবে, যার সরাসরি সুফল পাবেন সাধারণ ভোক্তারা।

সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। জনগণকে স্বস্তি দিতে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, করের হার ০.৫ শতাংশে নামিয়ে আনা হলে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রবণতা কমবে। একই সঙ্গে বীজ ও কৃষিজাত পণ্যের ওপর কর কমানোর ফলে কৃষকরা উৎপাদন বাড়াতে আরও উৎসাহিত হবেন।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাজেট প্রস্তাব পেশ করা হবে।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে মোট বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ও অভ্যন্তরীণ— উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহ করবে। এর মধ্যে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে ১৫ হাজার কোটি টাকা।

উল্লেখ্য, এটি বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।

/এসএকে


  বিষয়:   আলু  পেয়াজ  নিত্যপণ্য  দাম  কমা  কর  হ্রাস 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: