রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (৫০), তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
বুধবার (১১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর কাফরুল থানাধীন বিজয় সরণি-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ইয়াকুব আলীকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত আনুমানিক আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সিয়াম আহমেদ মানিক জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার উলানিয়া গ্রামে। বর্তমানে তারা মিরপুরের পল্লবী ১২ নম্বর সেকশন এলাকায় বসবাস করেন। সেখানে তাদের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা রয়েছে।
আরও পড়ুন
তিনি আরও জানান, ঘটনার দিন রাতে তার বাবা ব্যবসায়িক কাজে জুরাইন-পোস্তগোলা এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বিজয় সরণি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরিবারের দাবি, মাইক্রোবাসটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের। দুর্ঘটনার পর গাড়ির চালক নিজেই আহত ইয়াকুব আলীকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাফরুল থানার উপ-পরিদর্শক মো. ইউসুফ আলী ভূঁইয়া জানান, দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক ফরহাদ (২৫) আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করেন। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে আছেন।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এএডি/