মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হামলা এবং তেহরানের পাল্টা জবাবের প্রেক্ষিতে ওই অঞ্চলে চলমান সমস্ত সামরিক তৎপরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরে আসার তাগিদ দিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার জোরালো অনুরোধ জানাচ্ছে। একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংঘাতের পথ পরিহার করে সংলাপ ও আলোচনার ধারায় ফিরে আসা এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যস্থতার প্রচেষ্টায় সাড়া দিয়ে যত দ্রুত সম্ভব একটি ব্যাপক ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে সামরিক শক্তি প্রদর্শন কখনোই কোনো সংকটের স্থায়ী সমাধান হতে পারে না, বরং তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। চীন জোর দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা অবশ্যই অক্ষুণ্ন রাখতে হবে এবং তার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করা উচিত।
উল্লেখ্য, সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর তেহরানের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হলে সমগ্র মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত এই পরিস্থিতিতেই বিশ্বশক্তির অন্যতম অংশীদার চীন এই যুদ্ধংদেহী মনোভাব পরিহারের আহ্বান জানাল।
/কহু