সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার ২০০ জন মাকে মাসিক ৮৫০ টাকা হারে ভাতা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বাজেট পেশ করার সময় এ বিষয়ে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শিশুদের পরিচর্যা ও কর্মজীবী অভিভাবকদের সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় নতুন ৬০টি আধুনিক শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ১০ লাখ ৪০ হাজার পরিবারকে প্রতি মাসে জনপ্রতি ৩০ কেজি চাল দেওয়া হবে।
বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগী নারীর সংখ্যা এক লাখ বাড়িয়ে ৩০ লাখে উন্নীত করা হবে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক নারীকে মাসিক ৭০০ টাকা হারে ভাতা দেওয়া হবে।
এই বাজেটে অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে, প্রতিবন্ধী ভাতার উপকারভোগীর সংখ্যা সাড়ে তিন লাখ বাড়িয়ে ৩৮ লাখে এবং মাসিক ভাতার হার এক হাজার টাকায় উন্নীত করা, এক লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তি/মেধাবৃত্তি প্রদান, অনগ্রসর জনগোষ্ঠীর দুই লাখ ২৮ হাজার ৩৯০ জনকে মাসিক ৬৫০ টাকা হারে ভাতা প্রদান; ৪৫ হাজার ৩৩৮ জন অনগ্রসর শিক্ষার্থীকে বৃত্তি/মেধাবৃত্তি দেওয়া।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নারী ও শিশু উন্নয়ন খাতে ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
সময়ের আলো/আআ