যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অজুহাতে ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে (ফিফা বিশ্বকাপ ২০২৬) প্রবেশাধিকার বঞ্চিত হওয়া সোমালিয়ার রেফারি ওমর আরতানকে নিয়ে ফুটবল বিশ্বে নাটকীয় মোড় নিল। মার্কিন প্রশাসন তাকে ফিরিয়ে দিলেও, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই প্রতিভাবান রেফারিকে ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ‘উয়েফা সুপার কাপ ২০২৬’ পরিচালনার দায়িত্ব দিয়ে এক অনন্য সম্মাননা ও সংহতি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এক আনুষ্ঠানিক বিবৃতিতে উয়েফা এই ঐতিহাসিক ঘোষণা দেয়।
উয়েফা জানায়, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা চুক্তির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবার্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেন্ট জার্মেই এবং ইউরোপা লিগ জয়ী অ্যাস্টন ভিলার মধ্যকার হাইভোল্টেজ ‘উয়েফা সুপার কাপ’ ম্যাচটি পরিচালনা করবেন ওমর আরতান।
উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন সোমালিয়ার এই রেফারির ভূয়সী প্রশংসা করে বলেন, ওমর আরতান একজন চমৎকার তরুণ কিন্তু অভিজ্ঞ রেফারি, যিনি ইতিমধ্যেই আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ স্তরে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ফুটবল মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, এবং উয়েফা ওমরের সেই অসামান্য দক্ষতাকে সম্মান জানাতেই এই মর্যাদাপূর্ণ ম্যাচের দায়িত্ব দিচ্ছে।
আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি প্যাট্রিস মোতসেপে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ওমর আরতান সোমালিয়া তথা সমগ্র আফ্রিকান মহাদেশকে গর্বিত করেছেন। তিনি ২০২৫ সালের কাফ-এর সেরা পুরুষ রেফারি নির্বাচিত হয়েছিলেন এবং ২০২৬ বিশ্বকাপে তার মনোনয়নই প্রমাণ করে তিনি একজন বিশ্বমানের রেফারি। উয়েফা সুপার কাপে তার এই নিযুক্তি আফ্রিকা ও ইউরোপের ফুটবলের মেলবন্ধনের এক দারুণ উদাহরণ।
চলতি বিশ্বকাপে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের জন্য ফিফার ঘোষিত ৫২ জন রেফারির চূড়ান্ত তালিকায় ওমর আরতানের নাম থাকাটা সোমালিয়ার মানুষের জন্য ছিল এক বিরাট গর্বের বিষয়। কিন্তু ফুটবলপ্রেমীদের স্তব্ধ করে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, ওমর আরতান একটি সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে সম্পৃক্ত, যার ফলে মার্কিন আইন অনুযায়ী তার যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আরতানকে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ফিরতি ফ্লাইটে ফেরত পাঠায় মার্কিন ইমিগ্রেশন। এরপর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও বিতর্কিতভাবে বিশ্বকাপ রেফারির প্যানেল থেকে ওমরের নাম প্রত্যাহার করে নেয়।
/কহু