ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে শুক্রবার (১২ জুন) ভোরে একটি সংবাদ বুলেটিন চলাকালীন ভুলবশত একটি শহরের ওপর কৃত্রিম পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য সম্প্রচারিত হয়েছে। থ্রিডি গ্রাফিক্সের তৈরি এই ভিডিওতে দেখা যায়, একটি অজ্ঞাত শহরের ওপর হঠাৎ তীব্র আলোর ঝলকানি সৃষ্টি হয় এবং পরক্ষণেই ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে পারমাণবিক মেঘ তৈরি হয়।
চলমান সংঘাত ও চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রাষ্ট্রীয় টিভিতে এমন ভয়ংকর দৃশ্য দেখে খোদ ইরানের সাধারণ নাগরিকদের মনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয় যে রাষ্ট্রীয় টিভি চ্যানেলটি হয়তো হ্যাক বা সাইবার হামলার শিকার হয়েছে।
ভিডিওটি নিয়ে দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে আইআরআইবি কর্তৃপক্ষ। পরবর্তীতে চ্যানেলটির একজন সংবাদ উপস্থাপক সরাসরি অন-এয়ারে এসে জানান যে চ্যানেলটি কোনো সাইবার হামলার শিকার বা হ্যাক হয়নি। টেলিভিশন কর্তৃপক্ষের দাবি সংবাদ তৈরির সময় ভিডিও সম্পাদনার ভুলের কারণে এই অনাকাঙ্ক্ষিত দৃশ্যটি প্রচারিত হয়ে গেছে। এটি কোনো হ্যাকিংয়ের ঘটনা নয়, বরং সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটি ছিল।
/কহু