এভারেস্ট জয়ী নিম্নির পতাকা প্রত্যর্পণ ও সংবাদ সম্মেলন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিপজ্জনক হিলারি স্টেপ পার হয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ালেন বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। এই

2026-06-12T12:04:19+00:00
2026-06-12T12:04:19+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
জাতীয়
এভারেস্ট জয়ী নিম্নির পতাকা প্রত্যর্পণ ও সংবাদ সম্মেলন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:০৪ পিএম   (ভিজিট : ১৪)
সংগৃহীত ছবি
বিপজ্জনক হিলারি স্টেপ পার হয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ালেন বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। এই গৌরবময় এভারেস্ট জয় উপলক্ষে শুক্রবার (১২ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এভারেস্ট বিজয়ী নিম্নি তার অভিযানের স্লাইড প্রদর্শন করেন এবং এভারেস্ট শিখরে ওড়ানো জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালী দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল এবং বিশিষ্ট নারী অধিকার কর্মী শিরীন পারভিন হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিযানের মূল স্পনসর পূবালী ব্যাংক পিএলসি-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফারজিন আহমেদ। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা ও পরিচালনা করেন দেশের অন্যতম এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। পুরো অভিযানটির পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিল বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু এভারেস্ট চূড়া ছোঁয়ার এই লড়াইটি সহজ ছিল না নিম্নির জন্য। সংবাদ সম্মেলনে উঠে আসে তার সেই রোমাঞ্চকর ও ক্লান্তিহীন যাত্রার খতিয়ান। গত ১১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নিম্নি। ১৪ এপ্রিল লুকলা থেকে ট্রেকিং শুরু করে প্রায় ৭৫ কিলোমিটার পায়ে হেঁটে ২২ এপ্রিল পৌঁছান ১৭ হাজার ৬০০ ফুট উঁচুতে অবস্থিত বেস ক্যাম্পে। সেখানে উচ্চতার সাথে মানিয়ে নিতে ১ মে তিনি আরোহণ করেন ২০ হাজার ৭৫ ফুট উঁচু লবুজে ইস্ট পর্বত।

এরপর ৬ মে ভয়ংকর ও ঝুঁকিপূর্ণ খুম্বু আইসফল অতিক্রম করে ক্যাম্প-১ এবং ৭ মে ক্যাম্প-২-এ পৌঁছান। চূড়ান্ত আরোহণের জন্য ১৭ মে বেস ক্যাম্প ছেড়ে ২১ মে ক্যাম্প-৩-এ পৌঁছালেও বিরূপ আবহাওয়ার কারণে ২২ মে আবার ক্যাম্প-২-এ নেমে আসতে বাধ্য হন তিনি। তবে দমে যাননি এই অকুতোভয় নারী। ২৫ মে ক্যাম্প-২ থেকে আবারও চূড়ান্ত আরোহণ শুরু করে ২৯ মে পৌঁছান ২৫ হাজার ৯০০ ফুট উঁচুতে অবস্থিত ক্যাম্প-৪ বা ডেথ জোনে।

২৯ মে সন্ধ্যা সাড়ে ৬টায় গাইড দাওয়া শেরপা ও লাকপা শেরপাকে সাথে নিয়ে ক্যাম্প-৪ থেকে চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ এভারেস্ট চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নিম্নি। রাতের অন্ধকার আর হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে, পর্বতারোহণের অন্যতম বিপজ্জনক অংশ হিলারি স্টেপ সফলভাবে পার হয়ে ৩০ মে নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন তিনি।

এর আগে ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করা নিম্নি একটি ৬ হাজার ও একটি ৭ হাজার মিটার উঁচু পর্বত আরোহণের কৃতিত্ব দেখিয়েছেন।


/কহু


  বিষয়:   এভারেস্ট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: