দক্ষিণ লেবাননের হ্যারিস গ্রামের কাছে একটি লজিস্টিকস বা রসদবাহী কনভয়ে হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউনিফিল) অন্তর্ভুক্ত মালয়েশিয়ার দুই শান্তিরক্ষী আহত হয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র জানান, আহত শান্তিরক্ষীদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং ইউনিফিল এই হামলার ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এই হামলার পেছনে সুনির্দিষ্টভাবে কারা দায়ী, সে বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্টভাবে কারও নাম উল্লেখ করা হয়নি।
শান্তিরক্ষীদের কনভয়ে হামলার পাশাপাশি লেবানন সীমান্তে আরও বেশ কিছু বিপজ্জনক পরিস্থিতির কথা তুলে ধরেছেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। বিন্ত জুবাইল এলাকার কাছে জাতিসংঘের একটি চলন্ত কনভয়ের কাছাকাছি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ট্যাংক থেকে আকস্মিক গোলাবর্ষণ করা হয়। এই হামলার মুখে কনভয়টি বিকল্প পথ ধরে নিরাপদে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে বাধ্য হয়।
এছাড়া বিয়্যাদা এলাকায় ব্যাপক মাত্রায় ড্রোনের আনাগোনা ও সন্দেহজনক তৎপরতা ইউনিফিল শান্তিরক্ষীদের নজরে এসেছে বলে জানানো হয়।
লেবাননের এই থমথমে ও সংঘাতময় পরিস্থিতিতে জাতিসংঘের মুখপাত্র আবারও সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন, জাতিসংঘের কর্মী এবং তাদের জানমালের সুরক্ষার বিষয়টি সম্পূর্ণ অলঙ্ঘনীয়। কোনো অবস্থাতেই শান্তিরক্ষীদের ওপর এই ধরনের উসকানি বা হামলা মেনে নেওয়া হবে না।
/কহু