সম্পদের ভারসাম্য রক্ষায় বরকতময় জীবন

মাওলানা কাওসার আহমাদ

ইসলাম

জীবনযাপনের ক্ষেত্রে ইসলামের অন্যতম মূলনীতি হলো মধ্যপন্থা অবলম্বন করা। ইসলাম জীবন চলার যে সরলরেখা নির্ধারণ করেছে, তাতে অপচয় কিংবা কার্পণ্যের

2026-06-12T14:35:05+00:00
2026-06-12T14:35:05+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
ইসলাম
সম্পদের ভারসাম্য রক্ষায় বরকতময় জীবন
মাওলানা কাওসার আহমাদ
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২:৩৫ পিএম   (ভিজিট : ১৩)
ছবি : সংগৃহীত
জীবনযাপনের ক্ষেত্রে ইসলামের অন্যতম মূলনীতি হলো মধ্যপন্থা অবলম্বন করা। ইসলাম জীবন চলার যে সরলরেখা নির্ধারণ করেছে, তাতে অপচয় কিংবা কার্পণ্যের কোনো স্থান নেই। এই দুই চরম অবস্থার মাঝখানে অবস্থিত মিতব্যয়িতাই হলো একজন মুমিনের আদর্শ জীবন পদ্ধতি। মিতব্যয়ী জীবনচর্চা কেবল স্বস্তিদায়ক জীবন লাভের উপায় নয়, বরং এটি পার্থিব ও পরকালীন বরকত লাভের চাবিকাঠি। অন্যদিকে অপচয় ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত অশান্তি ও দুর্ভোগ ডেকে আনে।

অপচয় রোধে ইসলামের দর্শন
বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও মুদ্রাস্ফীতির মতো অর্থনৈতিক অস্থিরতা প্রকট আকার ধারণ করেছে। এই সংকটময় মুহূর্তে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আন্তরিক হওয়া জরুরি। ইসলাম চৌদ্দশ বছর আগেই সচ্ছলতা ও সংকট সর্বাবস্থায় অপচয়কে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। অপচয়-স্বভাবের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, ‘আত্মীয়কে তার প্রাপ্য দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও; তবে কিছুতেই অপব্যয় করো না। সন্দেহ নেই, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার প্রভুর প্রতি অতিশয় অকৃতজ্ঞ’ (সুরা বনি ইসরাইল : ২৬-২৭)। একইভাবে মহান আল্লাহ আরও বলেন, ‘তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না’ (সুরা আরাফ : ৩১)। একজন মুমিনের কাম্য হওয়া উচিত আল্লাহর ভালোবাসা লাভ করা, আর অপচয় থেকে বেঁচে থাকাই তার প্রথম ধাপ।

দানে ও ব্যয়ে ভারসাম্য
ইসলাম দান-সদকাকে উৎসাহিত করলেও সেখানেও মধ্যপন্থার ভারসাম্য রক্ষা করতে বলেছে। আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন, ‘(কৃপণতাবশে) নিজের হাত ঘাড়ের সঙ্গে বেঁধে রেখো না এবং (অপব্যয়ী হয়ে) তা সম্পূর্ণরূপে খুলে রেখো না; যার কারণে তোমাকে নিন্দাযোগ্য ও অসহায় হয়ে বসে পড়তে হবে’ (সুরা বনি ইসরাইল : ২৯)। ইসলামি অর্থনীতির শিক্ষা হলো, মানুষ নিজ শ্রম ও মেধা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং দানে-অনুদানে অসহায়দের পাশে দাঁড়াবে। কিন্তু পরিবারের সদস্যদের অধিকার নষ্ট করে বা নিজে অসহায় হয়ে পড়ার মতো দান ইসলাম অনুমোদন করে না। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা তাঁর প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন, ‘যারা ব্যয় করার সময় না করে অপব্যয় এবং না করে কার্পণ্য; বরং তাদের পন্থা হলো (বাড়াবাড়ি ও সংকীর্ণতার) মধ্যবর্তী ভারসাম্যমান পন্থা।’ (সুরা ফুরকান : ৬৭)

সম্পদ আল্লাহর আমানত
পৃথিবীর সব সম্পদের প্রকৃত মালিক আল্লাহ তায়ালা। আমরা কেবল সাময়িক তত্ত্বাবধায়ক বা আমানতদার। তাই সম্পদের যথাযথ ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। কেয়ামতের দিন প্রতিটি নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। পবিত্র কুরআনের ঘোষণা, ‘অতঃপর সেদিন তোমাদের নেয়ামতরাজি সম্পর্কে জিগ্যেস করা হবে, যে তোমরা তাঁর কী হক আদায় করেছ’ (সুরা তাকাসুর : ৮)। রাসুল (সা.)-এর একটি হাদিসে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদের কথা বলা হয়েছে, যার মধ্যে ধন-সম্পদ অর্জন ও ব্যয়ের খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ (তিরমিজি : ২৪১৬)। সুতরাং আল্লাহর দেওয়া এই নেয়ামত তাঁর নির্দেশিত পথে, বৈধ প্রয়োজনে এবং পরিমিতভাবে ব্যয় করাই একজন মুমিনের কাজ। এমনকি নদীর পাড়ে বসে ওজুর সময়ও অপ্রয়োজনীয় পানি খরচ না করার নির্দেশ দিয়ে ইসলাম আমাদের মিতব্যয়িতার চূড়ান্ত শিক্ষা দিয়েছে।

জীবনের প্রতিটি ক্ষেত্রে মিতব্যয়িতা
অপচয় কেবল টাকার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়; বরং সময়, মেধা, বুদ্ধি, শক্তি ও আল্লাহর দেওয়া প্রতিটি নেয়ামতের অপচয়ই সমানভাবে নিষিদ্ধ। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা পানাহার করো, দান-সদকা করো, পোশাক পরিধান করো। তবে অহংকার ও অপচয় করে নয়’ (মুসনাদে আহমদ : ৬৬৯৫)। বর্তমান সমাজে বিভিন্ন উৎসবে, সাজসজ্জায় এবং বিনোদনের নামে যে বিশাল অপচয় হয়, তা শরিয়ত অনুমোদিত নয়।

পরিশেষে আমরা যদি সচ্ছল অবস্থায় মিতব্যয়ী হই, তবে দুর্দিনে আমাদের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে। মিতব্যয়িতা কেবল সম্পদ সাশ্রয় নয়, এটি একটি উন্নত ও রুচিশীল সংস্কৃতির চর্চা। আসুন, আমরা ব্যক্তিগত জীবন থেকে অপচয় বর্জন করি এবং মিতব্যয়ী জীবনচর্চার মাধ্যমে একটি বরকতময় ও শান্তিময় সমাজ গঠনে সচেষ্ট হই। মহান আল্লাহ আমাদের সব সংকট থেকে উত্তরণ করে স্বস্তিময় জীবন দান করুন।

সময়ের আলো/আআ



  বিষয়:   সম্পদ  ভারসাম্য  রক্ষা  বরকত  জীবন 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: