টানা চার দফা কমার পর দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৩ জুন) সকালে সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই দেশব্যাপী কার্যকর করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম একলাফে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছে। ফলে বাজারে এখন এই মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে ক্রেতাদের রেকর্ড ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা গুনতে হবে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মাত্র দুই দিন আগে গত ১১ জুন দেশের বাজারে স্বর্ণের দাম শেষবারের মতো সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সাথে ২১ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৮ হাজার6৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা করা হয়েছিল।
চলতি বছরে দেশের বাজারে মোট ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস, যার মধ্যে ৩৮ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৩৬ বার। এর আগে গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
স্বর্ণের এই আকাশচুম্বী দাম বৃদ্ধির সমান্তরালে দেশের বাজারে মূল্যবান ধাতু রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার বাজারে চলতি বছর এখন পর্যন্ত ৪৫ বার দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ২৩ বার দাম বাড়ানো হয়েছে এবং বাকি ২২ বার কমানো হয়েছে। অন্যদিকে বিগত ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে দাম বেড়েছিল ১০ বার আর কমেছিল মাত্র ৩ বার।
/কহু