শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরের কাফরুলে এক স্মরণসভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মিরপুর-১৩ নম্বরে অবস্থিত জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্যাংকার্স অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক শেখ মোহাম্মদ জায়েদ আল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা জজ মো. ফরিদুল আলম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী এবং জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবী। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জ্যেষ্ঠ ব্যাংকার ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন, অর্থনৈতিক মুক্তি অর্জন এবং উৎপাদনমুখী জাতি গঠনে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশের অর্থনীতিকে রাষ্ট্রনিয়ন্ত্রিত সীমাবদ্ধতা থেকে মুক্ত করে বেসরকারি খাত, কৃষি, শিল্প ও রপ্তানিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিলেন। তার প্রণীত ১৯ দফা কর্মসূচি ছিল স্বনির্ভরতা, গ্রামীণ উন্নয়ন ও জনগণের মৌলিক চাহিদা পূরণের এক যুগান্তকারী রূপরেখা।
দেশের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাভিত্তিক নীতি গ্রহণ, জাতীয় টিকাদান কর্মসূচির ভিত্তি স্থাপন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণের মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি দৃঢ় ভিত্তি নির্মাণ করেছিলেন, যার সুফল দেশের মানুষ এখনও ভোগ করছে। আত্মনির্ভরশীল ও কল্যাণভিত্তিক বাংলাদেশের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং পরে মাদ্রাসার এতিম ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/কহু