জেলায় জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্যোগে বনভূমি ধ্বংসের নেতিবাচক প্রভাব হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে আগামী ৫ বছরের

2026-06-14T01:36:15+00:00
2026-06-14T01:36:15+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
জাতীয়
জেলায় জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১:৩৬ এএম   (ভিজিট : ১৪)
জেলায় জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। ছবি : সময়ের আলো
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্যোগে বনভূমি ধ্বংসের নেতিবাচক প্রভাব হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে আগামী ৫ বছরের মধ্যে সারা দেশে মোট ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। 

শনিবার (১৩ জুন) কক্সবাজারের ডুলাহাজারায় বৃক্ষরোপণের মধ্যে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে এই কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। 

শালিখা (মাগুরা)

মাগুরা শালিখা উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসান। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি সারা বাংলাদেশে পালন করা হচ্ছে।

তাড়াশ(সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের তাড়াশে বৃক্ষরোপণের মাধ্যমে উদ্বোধন  ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ,বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক।

পটুয়াখালী

শনিবার পটুয়াখালী জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে পৌর শহরের ঝাউতলা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী। একই সময়ে অন্যান্য উপজেলাতেও এ কর্মসূচি উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক জানান, আগামী তিন বছরে জেলায় তিন লক্ষাধিক গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। যা বিভিন্ন দপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

নড়াইল

নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।

তালতলী (বরগুনা)

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম। উদ্বোধনের পর বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

গোদাগাড়ী (রাজশাহী)

শনিবার দুপুরে গোদাগাড়ী পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইসরাত জাহান বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পৌরসভা সূত্রে জানা গেছে ১৮০ দিনে ১ হাজার বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সড়কের পাশে ও খালি জায়গায় গাছের চারা রোপণ করা হবে।

হিলি (দিনাজপুর)

সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জর্জ মিত্র চাকমা। শনিবার হাকিমপুর হিলি পৌরসভার গোহাড়া পদ্দপুকুর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অভয়নগর (যশোর)

শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সামাজিক বন বাগান কেন্দ্রের আয়োজনে নওয়াপাড়া পৌরসভার বাস্তবায়নে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় নির্বাহী কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে অন্তত একটি করে বৃক্ষরোপণ ও রোপণকৃত বৃক্ষের পরিচর্যা করার আহবান জানান তিনি।

খুলনা

খুলনা নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ১৩ জুন শনিবার দুপুরে শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। মহানগরীতে ১’শ ৮০দিনে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বগুড়া

শনিবার দুপুরে সান্তাহার পৌর শহরের সরকারি কলেজের সামনের সড়কে নানা প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা দেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম।

হিজলা (বরিশাল)

কর্মসূচি’র অংশ হিসেবে বরিশালের হিজলা উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। শনিবার, দুপুর ১২টার দিকে হিজলা উপজেলা পরিষদের পুকুর পাড়ে চারা রোপণের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন । হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে সেখানে এই কার্যক্রমে অংশ হিসেবে বিভিন্ন ধরনের ফলজ বনজ ওষধি গাছের চারা রোপণ করা হয় । পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়নে বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে।

কুড়িগ্রাম

বন বিভাগের অর্থায়নে শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড আরাজী-পলাশবাড়ী সংযোগ খাল বাঁধের উভয় পাশে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

রাজশাহী

শনিবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাসিক প্রশাসক বলেন, রাজশাহী নগরজুড়ে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

পুঠিয়া (​রাজশাহী)‎

শনিবার দুপুরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর ও গাউপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে বনজ, ভেষজ ও ফলদ বৃক্ষরোপণ করা হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

চান্দিনা (কুমিল্লা)

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলা চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

গফরগাঁও (ময়মনসিংহ)

শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বৃক্ষের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-১০ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান।

একই সময়ে গফরগাঁও পৌরসভা এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও গফরগাঁও পৌরসভা ও উপজেলা পরিষদের প্রশাসক জনাব এন. এম. আবদুল্লাহ আল মামুন।

সময়ের আলো/আতা


  বিষয়:   জেলায  বৃক্ষরোপণ  কর্মসূচি  উদ্বোধন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: