বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পায়নি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে অভিযান শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে শুরুটা ছিল ছন্নছাড়া, তবে বিরতির পর নিজেদের গুছিয়ে নেয় ‘সেলেসাও’রা। তবু দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। প্রথমার্ধের খেলাকে হতাশাজনক আখ্যা দিলেও তিনি মনে করেন, একটি ড্রয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয়ে যায় না।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধের খেলাটা আমাদের ভালোভাবে মূল্যায়ন করতে হবে। দল ভালো খেলেনি, ভারসাম্যে কিছু সমস্যা ছিল। অপ্রয়োজনীয় ফাউল করেছি, অনেক বল হারিয়েছি। এই জায়গাগুলোয় আমাদের উন্নতি করতে হবে।’
তবে দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে ইতিবাচক দিক দেখছেন ইতালিয়ান এই কোচ। তাঁর ভাষায়, ‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। আত্মবিশ্বাস হারানোর কোনো কারণ নেই। প্রথম ম্যাচের পর আমরা ভাবতে পারি না যে দলটি নিখুঁত। এই ফল আমরা মেনে নিচ্ছি, যা মোটেও খারাপ নয়। পরের ম্যাচে আমরা আরও ভালোভাবে লড়াই করব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না।’
প্রথমার্ধে ব্রাজিলের নিষ্প্রভ পারফরম্যান্সের পেছনে স্নায়ুচাপ কাজ করেছে বলেও মনে করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘প্রথমার্ধটা কঠিন ছিল। দল কিছুটা স্নায়ুচাপে ভুগেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। ম্যাচটাও ছিল কঠিন। তবে আমি বিশ্বাস করি, পরের ম্যাচে দল আরও উন্নতি করবে।’
দলের ইতিবাচক দিক সম্পর্কে জানতে চাইলে আনচেলত্তি বলেন, ‘শেষ মিনিট পর্যন্ত দল লড়াই করেছে। সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের কোথায় উন্নতি করতে হবে, সেটা এখন পরিষ্কার। আরও ভারসাম্যপূর্ণ এবং আক্রমণে আরও আগ্রাসী দল গড়ে তুলতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।’
সমর্থকদের সমালোচনা প্রসঙ্গেও কথা বলেন ব্রাজিল কোচ। তাঁর মতে, দল প্রত্যাশা পূরণ করতে না পারলে সমালোচনা স্বাভাবিক। ‘সমালোচনা অবশ্যই মেনে নিতে হবে, যখন দল ভালো খেলতে পারে না। আমি ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়ের সমালোচনা করি না। সমালোচনা পুরো দলের, কারণ প্রথমার্ধে আমরা ভালো খেলিনি,’ বলেন তিনি।
মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলকে হার এড়াতে সাহায্য করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি বলেন, ‘ভিনি ভালো খেলেছে, সে প্রতিপক্ষের জন্য সব সময়ই বিপজ্জনক ছিল। তার যে মান ও সামর্থ্য, আমি বিশ্বাস করি সে দারুণ একটি বিশ্বকাপ কাটাবে।’
‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচের ভুল শুধরে জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আনচেলত্তির দলের।
/এসএকে