বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক, থাকেন ৪০০ বর্গফুটের বাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইতিহাসের পাতায় এক নতুন মহাকাব্য লিখলেন মার্কিন প্রযুক্তি টাইকুন ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তার রকেট ও স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান

2026-06-14T10:43:32+00:00
2026-06-14T10:43:32+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক, থাকেন ৪০০ বর্গফুটের বাড়িতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১০:৪৩ এএম   (ভিজিট : ২০)
ছবি : সংগৃহীত
ইতিহাসের পাতায় এক নতুন মহাকাব্য লিখলেন মার্কিন প্রযুক্তি টাইকুন ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তার রকেট ও স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ার বাজারে আসার পর প্রথম দিনই বাজিমাত করেছে। আর এর মধ্য দিয়েই মানব ইতিহাসের প্রথম ‘ট্রিলিয়নেয়ার’ বা লক্ষ কোটি ডলারের মালিক হওয়ার গৌরব অর্জন করলেন ৫৫ বছর বয়সী এই উদ্যোক্তা। তবে কল্পনাতীত এই বিপুল ধন-সম্পদের মালিক হওয়া সত্ত্বেও মাস্কের ব্যক্তিগত জীবন ও বসবাসের ধরন সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো সাধারণ ও সাদামাটা।

গত বৃহস্পতিবার স্পেসএক্স তাদের বহুল প্রতীক্ষিত প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বাজার থেকে রেকর্ড ৭৫ বিলিয়ন ডলার পুঁজি সংগ্রহ করে। ১৩৫ ডলার মূল্যে মোট ৫৫ কোটি ৫০ লাখেরও বেশি শেয়ার বিক্রি করায় কোম্পানিটির প্রাথমিক মূল্যায়ন দাঁড়ায় ১.৭৭ ট্রিলিয়ন ডলার।

কিন্তু শুক্রবার শেয়ার বাজারে লেনদেন শুরু হতেই যেন টাকার বৃষ্টি নামে। প্রথম দিনই স্পেসএক্সের শেয়ারের দাম প্রায় ২০ শতাংশ বেড়ে ১৬২ ডলারে উন্নীত হয় এবং দিনশেষে কোম্পানির বাজারমূল্য ২.১ ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকে। ফোর্বসের হিসাব অনুযায়ী, স্পেসএক্স এবং টেসলার শেয়ারের এই আকাশচুম্বী দামের ওপর ভর করে ইলন মাস্কের মোট নিট সম্পদ ১.১ ট্রিলিয়ন ডলারে (১ লাখ ১০ হাজার কোটি ডলার) পৌঁছায়। এর ফলে তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হিসেবে নাম লেখালেন।

আন্তর্জাতিক ম্যাগাজিন ফরচুনের প্রতিবেদন অনুযায়ী, মাস্কের সম্পদ যখন সাধারণ মানুষের কল্পনার সীমানা ছাড়িয়ে গেছে, তখন টেক্সাসে তার প্রাত্যহিক থাকার জায়গাটি একটি অতি ক্ষুদ্র প্রিফেব্রিকেটেড (সহজে স্থানান্তরযোগ্য) বাড়ি।

২০২০ সালে ক্যালিফোর্নিয়া থেকে ব্যবসা ও আবাস টেক্সাসে স্থানান্তরের পর ক্যালিফোর্নিয়ার প্রায় সব বিলাসবহুল প্রাসাদ বিক্রি করে দেন মাস্ক। যদিও অস্টিনে তিনি ৩৫ মিলিয়ন ডলারের কিছু সম্পত্তি কিনেছেন, তবে স্পেসএক্সের বোকা চিকা ‘স্টারবেস’ উৎক্ষেপণ কেন্দ্রের কাছে একটি ছোট বাক্সসদৃশ বাড়িতেই তিনি বেশি সময় কাটান। ২০২১ সালে মাস্ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন, ৫০ হাজার ডলার মূল্যের এই বাড়িটি তিনি নিজের কোম্পানি স্পেসএক্সের কাছ থেকেই ভাড়া নিয়েছেন!

এক্স-এ (সাবেক টুইটার) তিনি লিখেছিলেন, আমার প্রধান বাড়িটি আসলে বোকা চিকা/স্টারবেসে অবস্থিত প্রায় ৫০ হাজার ডলার মূল্যের একটি বাড়ি, যা আমি স্পেসএক্সের কাছ থেকে ভাড়া নিয়েছি। তবে জায়গাটি কিন্তু দারুণ।

বক্সাবল নামক একটি হাউজিং স্টার্টআপের তৈরি এই কমপ্যাক্ট বাড়িটি মাত্র ২০ ফুট বাই ২০ ফুটের। টেক্সাসভিত্তিক সংবাদমাধ্যম ক্রন-এর তথ্যমতে, এই পুঁচকে বাড়ির ভেতরেই রয়েছে একটি লিভিং এরিয়া, বেডরুম, রান্নাঘর এবং বাথটাব-শাওয়ারসহ একটি বাথরুম।

অবশ্য মাস্কের এই সাধারণ জীবনযাপনের সমান্তরালে তার কোম্পানির নামে অস্টিনের অভিজাত ওয়েস্ট লেক হিলস এলাকায় অন্তত তিনটি বিশাল বাড়ি রয়েছে। ৬ থেকে ৯ হাজার বর্গফুটের সেই বাড়িগুলোতে সুইমিং পুলসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

তবে মাস্কের জীবনীকার ওয়াল্টার আইজ্যাকসনের মতে, মাস্ক সবসময় আরাম-আয়েশের চেয়ে কাজের জায়গার কাছাকাছি থাকাকেই অগ্রাধিকার দেন। ২০২৩ সালে এই ছোট বাড়ির ভেতরের একটি ছবি প্রকাশ করে আইজ্যাকসন লিখেছিলেন, এটি একটি স্পার্টান (অনাড়ম্বর) দুই কক্ষের বাড়ি, যেখানে একটি কাঠের টেবিলে বসে মাস্ক ঘণ্টার পর ঘণ্টা ফোনের মাধ্যমে কাজ সামলান। টেসলার মডেল-৩ গাড়ির উৎপাদন সংকটের সময়ও মাস্ক ক্যালিফোর্নিয়ার কারখানার মেঝেতে ঘুমিয়ে রাত কাটিয়েছিলেন।

এমনকি মাস্কের মা মায়ে মাস্কও সম্প্রতি এক পোস্টে রসিকতা করে লিখেছেন, ওর ফ্রিজে কোনো খাবার থাকে না। গ্যারেজের ডানপাশে আমি ঘুমিয়েছিলাম। বাথরুমে মাত্র একটা তোয়ালে ছিল, তাই ওটা ইলনের জন্যই রেখে দিয়েছিলাম।

ইলন মাস্কের এই জীবনধারা নিয়ে নেট দুনিয়ায় চলছে তুমুল বিতর্ক। এক্স-এর এক ব্যবহারকারী মাস্কের সমর্থনে লিখেছেন, যারা সমালোচনা করছেন তারা শুনুন, ট্রিলিয়নেয়ার হয়েও মাস্ক একটি সাধারণ অ্যাপার্টমেন্টে থাকেন। তার টাকা নিয়ে যারা ক্ষুব্ধ, তারা আসলে ঈর্ষান্বিত।

আরেকজন লিখেছেন, আমি চাই এই ধরনের মানুষই ট্রিলিয়নেয়ার হোক। সে তার সম্পদ জাহির করে বেড়াচ্ছে না। তার সম্পদের ৯৯ শতাংশই কোম্পানির পারফরম্যান্সের সাথে যুক্ত।

তবে সমালোচকদের প্ল্যাটফর্ম রেডিটের এক ব্যবহারকারী বিষয়টিকে মাস্কের একটি চতুর চাল হিসেবে আখ্যা দিয়ে লিখেছেন, যারা এসব বিশ্বাস করে তারা বোকা। তিনি সাধারণ মানুষের প্রতিনিধি সাজতে পলিটিক্স করছেন। নিজের নিয়ন্ত্রিত কোম্পানির মাধ্যমে আড়ালে ঠিকই সম্পত্তি বাড়াচ্ছেন আর ভক্তদের দেখাচ্ছেন তিনি কত সাধারণ।

/কহু


  বিষয়:   ট্রিলিয়নেয়ার  মাস্ক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: