নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত আসলাম আলী (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গত শনিবার রাতে উপজেলার জামনগর এলাকা থেকে আসলামকে গ্রেফতার করা হয়। আসলাম জামনগর ইউনিয়নের হাঁপানিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে ভুক্তভোগী ওই গৃহবধূ বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় অভিযুক্ত আসলাম আলী ও ষষ্টি কুমার তাকে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে তার স্বামী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পরদিন ভুক্তভোগীর পরিবার আসলাম ও ষষ্টির নাম উল্লেখ করে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। অবশেষে প্রায় ২০ দিন পর শনিবার রাতে মূল অভিযুক্ত আসলাম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তবে অন্য আসামি শ্রী ষষ্টি কুমার (৪২) কে এখনও খুঁজে পাওয়া যায়নি।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘ষষ্টি কুমারকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
/মহু