যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছেন। স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, একটি স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা ‘প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০’ মডেলের বিমানটি রোববার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের পরপরই বিমানটি প্রয়োজনীয় উচ্চতা অর্জনে ব্যর্থ হয় এবং হঠাৎ করেই বাম দিকে মোড় নেয়। এর কিছুক্ষণের মধ্যেই বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে মাত্র ২০০ গজ দূরে বিমানটি আছড়ে পড়ে।
বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ভেতরে থাকা ১২ আরোহীর কেউই বেঁচে নেই। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফিয়ে আত্মরক্ষা করতে পেরেছিলেন কিনা, তা নিশ্চিত হতে আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি যখন উড্ডয়ন করছিল, তখন ওই অঞ্চলে কোনো বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ সেবা (এটিসি) চালু ছিল না। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে এফএএ নিশ্চিত করেছে।
সময়ের আলো/জেডি