রাজধানীর উত্তরায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উত্তরা আজমপুর কাঁচাবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল করিমের বাড়ি পঞ্চগড় সদর উপজেলায়। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরা আজমপুর ৬ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের একটি বাসায় বসবাস করতেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার সকালে ফজলুল করিম বাসা থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করছিলেন। আজমপুর কাঁচাবাজারের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট উত্তরা পূর্ব থানায় জানানো হয়েছে, তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
সময়ের আলো/জেডি