বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় ডেভিড পিয়েরে আন্দ্রে ডেলন নামে এক ফরাসি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৫ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মোস্তাফিজুল ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম দুই দিনের রিমান্ডের এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৪ জুন সকালে ফ্রান্সের নাগরিক ডেভিড পিয়েরে আন্দ্রে ডেলন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের চেষ্টা করছিলেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন। পরবর্তীতে তাকে আটক করে শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এরপর শুল্ক কর্মকর্তারা তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ ও লাগেজ থেকে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেন। জব্দ তালিকা অনুযায়ী উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে রয়েছে— ২ লাখ ৯৮ হাজার ৫২০ ইউএই দিরহাম, ১০ হাজার ৬৬০ উজবেকিস্তানের সোম, ২ হাজার ৮০০ ইউরো, ১ হাজার ৭০০ মার্কিন ডলার, ৪৭০ সৌদি রিয়াল এবং ২০০ মরক্কান দিরহাম।
এই অবৈধ মুদ্রা উদ্ধারের ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ফরাসি নাগরিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
সময়ের আলো/জেডি