স্বাস্থ্যঝুঁকি ও নগর তাপপ্রবাহ মোকাবিলায় ঢাবিতে গবেষণা প্রকল্প শুরু

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

নগর তাপপ্রবাহের কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি চিহ্নিতকরণ, ঝুঁকি নিরসন এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে নীতিনির্ধারকদের প্রমাণভিত্তিক সুপারিশ প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

2026-06-15T21:05:45+00:00
2026-06-15T21:05:45+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
শিক্ষা
স্বাস্থ্যঝুঁকি ও নগর তাপপ্রবাহ মোকাবিলায় ঢাবিতে গবেষণা প্রকল্প শুরু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ৭)
উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন। সংগৃহীত ছবি
নগর তাপপ্রবাহের কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি চিহ্নিতকরণ, ঝুঁকি নিরসন এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে নীতিনির্ধারকদের প্রমাণভিত্তিক সুপারিশ প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার (১৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রকল্পটির মূল শিরোনাম: ‘এক্সপোজিং হিডেন হিট : ম্যাপিং হিট-ড্রিভেন হেলথ ডিসপ্যারিটিস অ্যান্ড অ্যাডভান্সিং পলিসি ইমপ্লিকেশন ফর ক্লাইমেট-রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট ইন ঢাকা, বাংলাদেশ’। 

ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে পরিচালিত এই বহুমাত্রিক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে অংশীদার হিসেবে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যুক্তরাষ্ট্রের টুলেইন ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেস সেন্টার। 

উদ্বোধনী অনুষ্ঠানে গবেষকগণ বাংলাদেশে ক্রমবর্ধমান নগর তাপপ্রবাহের চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন এবং কার্যকর অভিযোজন কৌশল প্রণয়নে ‘ইন্টারডিসিপ্লিনারি’ বা আন্তঃবিষয়ক গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রবিউল আউয়াল। 

অনুষ্ঠানে প্রকল্পের উদ্দেশ্য, গবেষণা কাঠামো এবং প্রত্যাশিত ফলাফল সম্পর্কে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেওয়া হয়। এ সময় সহযোগী প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও গবেষকবৃন্দ এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের আবহাওয়া ও জলবায়ু গবেষণা কার্যক্রম তদারকি এবং আন্তর্জাতিক এই গবেষণা উদ্যোগের বৈজ্ঞানিক নেতৃত্বে ঢাবির গবেষণা দলটির নেতৃত্ব দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাতিমা আক্তার। তিনি এই প্রকল্পের একজন সহ-প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন। 


প্রকল্পটির একটি গুরুত্বপূর্ণ অংশ পরিচালনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগ। বিভাগটি উন্নত জলবায়ু তথ্য বিশ্লেষণ, তাপমাত্রা মানচিত্রায়ন এবং পরিবেশগত পর্যবেক্ষণের মাধ্যমে ঢাকার বিভিন্ন অঞ্চলে চরম তাপমাত্রার স্থানিক ও কালিক বৈচিত্র্য শনাক্তকরণে কাজ করবে। এছাড়া, জলবায়ু-সহনশীল নগর পরিকল্পনার জন্য বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

উদ্বোধনী বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পরিবেশ ও জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক গবেষণা প্রকল্প পরিচালনার জন্য গবেষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গবেষণাকে শুধু ক্লাসরুম বা ল্যাবরেটরিতে সীমাবদ্ধ রাখলে চলবে না, গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ক্লাস লেকচারের তাত্ত্বিক বিষয়কে ল্যাবে অনুশীলনের মাধ্যমে বাস্তব জীবনে সফল প্রয়োগ ঘটিয়ে মানবকল্যাণ সাধন করতে পারলেই শিক্ষা ও গবেষণা সার্থক হবে।’

তিনি আরও বলেন, রোগের প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধ উত্তম। তাপপ্রবাহজনিত বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা ও রোগ প্রতিরোধে এই গবেষণা নীতিনির্ধারক, নগর পরিকল্পনাবিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য আরও ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়ন কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   স্বাস্থ্যঝুঁকি  নগর তাপপ্রবাহ  মোকাবিলা  ঢাবি  গবেষণা প্রকল্প 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: