কয়েক মাসের বিরতির পর আবারও শুরু হচ্ছে শাকিব খানের ‘সোলজার’ সিনেমার কাজ। বাকি অংশের শুটিং শুরু করতে শিগগিরই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন নির্মাতা ও কলাকুশলীরা। গত বছরের অক্টোবরে শুটিং শুরু হয়েছিল সোলজারের কাজ। ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও অন্য সিনেমায় শাকিব খানের ব্যস্ততার কারণে সম্ভব হয়নি।
সম্প্রতি কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত রকস্টার সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে শাকিব খান জানান, শিগগিরই সোলজারের বাকি কাজ শুরু হবে। এদিকে গত কয়েক দিন ধরে গুঞ্জন ছড়িয়েছে, সিনেমাটি ডিসেম্বরের পরিবর্তে আগামী অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিচালক সাকিব ফাহাদ। তবে তিনি জানিয়েছেন চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে।
সাকিব ফাহাদ বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য সিনেমাটির কাজ নিখুঁতভাবে শেষ করা। মুক্তির সময় নির্ধারণ করবে প্রযোজনা প্রতিষ্ঠান। অক্টোবর ও ডিসেম্বর দুই সময়ই ভালো। শুটিং শেষ হওয়ার পর আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, ২০২৬ সালের মধ্যেই দর্শকরা প্রেক্ষাগৃহে সোলজার দেখতে পাবেন।’
শুটিং প্রসঙ্গে পরিচালক সাকিব জানান, গত বছরই সিনেমার অধিকাংশ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। চলতি মাসে ব্যাংককে বাকি অংশের শুটিং হবে। সেখান থেকে ফিরে একটি গানের কিছু অংশের দৃশ্যধারণ শেষ করা হলেই ক্যামেরার কাজ সম্পূর্ণ হবে।
দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইয়ের গল্প ওঠে আসবে সোলজার সিনেমায়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং মিস বাংলাদেশ-খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ আরও অনেকে। সোলজার প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
আরবিএন