শিক্ষকের প্রতি ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসী। প্রিয় শিক্ষকের বিদায়বেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর আমিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক।
সোমবার (১৫ জুন) বিকেলে বিদ্যালয়ের মাঠে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে সুসজ্জিত একটি প্রাইভেটকারে সবার প্রিয় মাস্টার রফিক স্যারকে বাড়ি পৌঁছে দেন শিক্ষার্থী-সহকর্মীরা। প্রিয় শিক্ষকের বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। দীর্ঘ ৪০ বছর কর্মজীবন শেষে অবসরে যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক।
বিদায়ী শিক্ষক মো. রফিক বলেন, দীর্ঘ প্রায় ৪০ বছর শিক্ষকতা শেষে আজ অবসরে যাচ্ছি। মহান এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে আজ আমার সার্থক মনে হচ্ছে। আমি সবসময় চেয়েছি এই এলাকার শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজকে এই বিদায় দিনে আমি আনন্দিত আমাকে এতো বড় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দিয়েছেন। সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ঊনসত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং রাউজান উপজেলা দক্ষিণের সহকারী শিক্ষক সমিতির সভাপতি পবন চক্রবর্তী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ, প্রধান বক্ত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন, চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন, বিশেষ বক্তা ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর নবী, আমিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি মো. আনোয়ার হোসেন বাচলু, বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙ্গুনিয়া মো. আবদুল মোহাইমেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লাঙ্গলকোট মো. আবদুল মোমিন, রাউজান সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিশা চাকমা, সীমা রানী সেন, তাসমিন আখতার কাকলি, স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. শাহ্ হানিফ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. ইকবাল মাতব্বর, মো. নাজিম, মো. ইউসুফ, মো. আবু তালেব, মো. নূর মিয়া, মো. রহমান, মো. শফি, ইলিয়াস মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সময়ের আলো/জোই