বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরেই কোচ বদল তিউনিসিয়ার

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ার পরদিনই হেড কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করেছিল তিউনিসিয়া।

2026-06-16T17:08:02+00:00
2026-06-16T17:08:02+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরেই কোচ বদল তিউনিসিয়ার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ২৩)
ফ্রেঞ্চ মাস্টারমাইন্ড ও আফ্রিকান ফুটবলের চেনা মুখ হার্ভে রেনার্ড। সংগৃহীত ছবি
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ার পরদিনই হেড কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করেছিল তিউনিসিয়া। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ২৪ ঘণ্টার মাথায় নতুন কোচের নাম ঘোষণা করল তিউনিসিয়া ফুটবল ফেডারেশন (টিএফএফ)। বিশ্বমঞ্চে তিউনিসিয়ানদের ডাগআউটের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ফ্রেঞ্চ মাস্টারমাইন্ড ও আফ্রিকান ফুটবলের চেনা মুখ হার্ভে রেনার্ডের হাতে।

মঙ্গলবার (১৬ জুন) তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক বিবৃতিতে নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। টিএফএফ জানিয়েছে, চলমান ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত আপাতত দলের দায়িত্ব সামলাবেন ৫৭ বছর বয়সি এই ফ্রেঞ্চ কোচ। 

তবে বিশ্বকাপেই তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে না। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর দলের সার্বিক পারফরম্যান্স এবং সুনির্দিষ্ট স্পোর্টিং অবজেক্টিভের ওপর ভিত্তি করে রেনার্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারে পুনরায় আলোচনা করা হবে। 

তিউনিসিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ‘টেলিভিশন তিউনিসিয়েন’ জানিয়েছে, আজ বিকেলের মধ্যেই মেক্সিকোর মনটেরিতে দলের বেস ক্যাম্পে এসে পৌঁছাবেন রেনার্ড এবং সরাসরি স্কোয়াডের সঙ্গে যোগ দিয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করবেন। সদ্য বিদায় নেওয়া সাব্রি লামুশির অধীনে খেলা শেষ ৫ ম্যাচের ৪টিতেই হেরেছে তিউনিসিয়া। 

বিশেষ করে প্রীতি ম্যাচে বেলজিয়ামের পর বিশ্বকাপে সুইডেনের কাছেও ৫ গোল হজম করায় দলের ফুটবলারদের মনোবল এখন তলানিতে। এই কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলাই হবে রেনার্ডের মূল চ্যালেঞ্জ।

আন্তর্জাতিক ফুটবলে, বিশেষ করে আফ্রিকান ফুটবলে হার্ভে রেনার্ড এক কিংবদন্তির নাম। জাম্বিয়া (২০১২) এবং আইভরি কোস্টের (২০১৫) ম্যানেজার হিসেবে দুবার আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জেতার অনন্য ও ঐতিহাসিক রেকর্ড রয়েছে তার ঝুলিতে। তবে বিশ্বমঞ্চে তিনি সবচেয়ে বড় হইচই ফেলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপে। সেবার তার অধীনে থাকা এশিয়ান পরাশক্তি সৌদি আরব গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই স্তব্ধ করে দিয়েছিল লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে। 

এরপর ২০২৩ নারী বিশ্বকাপ ও প্যারিস অলিম্পিকে ফ্রান্স নারী জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলান রেনার্ড। পরবর্তীতে আবারও সৌদি আরবের ডাগআউটে ফিরে পুরুষ দলকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে মূল ভূমিকা রাখেন তিনি। 

তবে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে জর্জিওস দোনাতোসের কাছে সৌদির কোচের পদ হারালেও, বিশ্বকাপের মাঝপথেই তিউনিসিয়ার ত্রাতা হিসেবে আবারও বিশ্বমঞ্চে ফিরলেন এই ফ্রেঞ্চ মাস্টারমাইন্ড।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বিশ্বকাপ  প্রথম ম্যাচ  হেরে  কোচ বদল  তিউনিসিয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: