ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর প্রায় ছয় দিন পর নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলবিসেলেস্তেরা মুখোমুখি হতে যাচ্ছে আলজেরিয়ার।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে সুসংবাদ নিয়ে একাদশে ফিরছেন অধিনায়ক লিওনেল মেসি ও অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চোটের ধাক্কা সামলে সম্পূর্ণ ফিট হয়ে শুরুর একাদশে ফিরছেন জাদুকর লিওনেল মেসি।
অন্যদিকে ডান হাতের আঙুলে চিড় ধরা পড়ায় বেশ কিছু প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন সেশন মিস করা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও এখন পুরোপুরি ম্যাচ খেলার মতো শারীরিক অবস্থায় রয়েছেন। ফলে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই আর্জেন্টিনার গোলপোস্ট সামলাতে দেখা যাবে এই ‘বাজপাখি’কে।
এদিকে ম্যাচের আগে দলের রক্ষণভাগ নিয়ে কোচ লিওনেল স্কালোনিকে কিছুটা মধুর সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে খেলা শুরু করাবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় মন্তিয়েলের চেয়ে মোলিনাই কিছুটা এগিয়ে রয়েছেন।
ডিফেন্সের মধ্যভাগে চোট কাটিয়ে ফিরছেন ক্রিস্টিয়ান রোমেরো, যার সঙ্গী হিসেবে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে বড় ধাক্কা এসেছে লেফট-ব্যাক পজিশনে। হন্ডুরাসের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে কাফ মাসলে চোট পাওয়ায় প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন নিকোলাস তাগলিয়াফিকো। তার অনুপস্থিতিতে এই পজিশনে স্কালোনির প্রথম পছন্দ ফাকুন্দো মেদিনা।
আর্জেন্টিনার মিডফিল্ডে অবশ্য কোনো চমক থাকছে না। মাঝমাঠের হাল ধরবেন তাদের পরিচিত নির্ভরযোগ্য ত্রয়ী—রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই তিনজনের ঠিক সামনে দলের আক্রমণ সাজানোর জন্য ক্রিয়েটিভ বা অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় দেখা যাবে তরুণ তুর্কি থিয়াগো আলমাদাকে।
সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তন আসছে আক্রমণভাগে, যেখানে চোট কাটিয়ে ফেরা অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে থাকছেন দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। গোড়ালির ইনজুরি কাটিয়ে আরেক তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ স্কোয়াডে ফিরলেও কোচিং স্টাফ তাকে নিয়ে শুরুতেই ঝুঁকি নিতে চাচ্ছেন না। ফলে আলভারেজকে শুরুতে বেঞ্চে রেখে ম্যাচ পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার।
সময়ের আলো/জেডি