এআই মামলার ভুয়া মেসেজ পাঠিয়েই ৩ জন হাতিয়েছেন ৭ লাখ!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এআইভিত্তিক ট্র্যাফিক আইন ভঙ্গের ভুয়া এসএমএস পাঠিয়ে গাড়িচালকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারক চক্রের তিন

2026-06-16T17:48:09+00:00
2026-06-16T17:48:09+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
জাতীয়
এআই মামলার ভুয়া মেসেজ পাঠিয়েই ৩ জন হাতিয়েছেন ৭ লাখ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১৯)
অর্থ আত্মসাতের ঘটনায় গ্রেফতার তিনজন। সংগৃহীত ছবি
এআইভিত্তিক ট্র্যাফিক আইন ভঙ্গের ভুয়া এসএমএস পাঠিয়ে গাড়িচালকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।   

মঙ্গলবার (১৬ জুন) সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই চাঞ্চল্যকর প্রতারণার তথ্য নিশ্চিত করেছেন। 

সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত এই চক্রটি বিআরটিএ-এর (BRTA) হুবহু নকল বা ভুয়া ওয়েবসাইট তৈরি করেছিল। এরপর তারা এআই-এর মাধ্যমে ট্র্যাফিক আইন ভঙ্গের অজুহাতে সাধারণ গাড়ি মালিকদের মুঠোফোনে ভুয়া জরিমানার মেসেজ পাঠাত। অনেক সময় দ্রুত টাকা পরিশোধ করলে জরিমানার অর্থ মওকুফ বা ছাড় দেওয়া হবে— এমন প্রলোভন দেখিয়ে অত্যন্ত নিখুঁতভাবে এই প্রতারণা চালাতো তারা।  

সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, এই অভিনব কৌশল ব্যবহার করে চক্রটি এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে মোট ৭ লাখ ২৫ হাজার ৬০০ টাকা প্রতারণামূলকভাবে হাতিয়ে নিয়েছে।

প্রতারণা এড়াতে সচেতনতামূলক বার্তা দিয়ে সিআইডি স্পষ্ট করে জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্র্যাফিকের প্রকৃত এআইভিত্তিক মামলার কোনো তথ্য বা লিংক কখনোই মোবাইল মেসেজের মাধ্যমে পাঠানো হয় না। আইন ভঙ্গকারীদের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ায় সরাসরি তাদের স্থায়ী বা বর্তমান ঠিকানায় কাগজের নোটিশ পাঠানো হবে। এর বাইরে মোবাইলে আসা এই সংক্রান্ত যে-কোনো ধরনের নোটিশ বা মেসেজ সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

সংবাদ সম্মেলনে সিআইডি আরও জানায়, কেবল এআই ট্র্যাফিক মামলার এই প্রতারক চক্রই নয়, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধেও দেশজুড়ে তাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় ডিজিটাল মাধ্যমে অবৈধ জুয়া পরিচালনার দায়ে গত চার দিনে দেশের বিভিন্ন স্থান থেকে আরও ১৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলে সিআইডির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   এআই মামলা  ভুয়া মেসেজ  প্রতারণা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: