ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে দীর্ঘ যানজট, বৃষ্টিতে বাড়তি ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় প্রতিদিনের মতো মঙ্গলবারও (১৬ জুন) সকাল থেকে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। সকাল

2026-06-16T21:26:14+00:00
2026-06-16T21:26:14+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে দীর্ঘ যানজট, বৃষ্টিতে বাড়তি ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ৬)
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল অংশে তীব্র যানজট। সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় প্রতিদিনের মতো মঙ্গলবারও (১৬ জুন) সকাল থেকে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। সকাল আটটা থেকে শুরু হওয়া এই যানজট দুপুরে বৃষ্টির পর আরও তীব্র আকার ধারণ করে।  

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের চার লেনে উন্নীতকরণ কাজের চরম ধীরগতি, ফুটপাতহীনতা, অবৈধ দখল ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণেই সরাইল বিশ্বরোড মোড়ে প্রতিদিন এই নরকযন্ত্রণার সৃষ্টি হচ্ছে।

সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখা গেছে, সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। এছাড়া বিশ্বরোড মোড়ের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ পাশে গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার একাধিক অবৈধ স্ট্যান্ড। 

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের প্রায় ৩৪ কিলোমিটার এলাকা জুড়ে অবাধে চলাচল করছে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত তিন চাকার রিকশা, ট্রাক্টর, ভ্যান ও অটোরিকশা। নিয়ম-নীতির তোয়াক্কা না করা এসব অদক্ষ চালকদের বেপরোয়া গাড়ি চালনা যানজটকে উসকে দিচ্ছে আরও।

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শুরু হওয়া এই যানজট দুপুর ১২টার মধ্যে বিশ্বরোড মোড় গোলচত্বরের দুই দিকে চার কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুপুর ১২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও নাজুক হয়ে দাঁড়ায়। বৃষ্টির পানিতে গোলচত্বরের অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলের গতি মারাত্মকভাবে কমে যায়। ফলে দুপুরের পর সরাইল উপজেলার শান্তিনগর থেকে বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড় হয়ে ইসলামাবাদ পর্যন্ত প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

এই যানজটের প্রভাব ছড়িয়ে পড়ে সংযুক্ত কুমিল্লা-সিলেট ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কেও। যেহেতু সরাইল বিশ্বরোড মোড়টি ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট মহাসড়কের অন্যতম প্রধান সংযোগস্থল, তাই প্রতিদিন হাজার হাজার যাত্রীকে গাড়ি বদলের জন্য এখানে নামতে হয়। কিন্তু সেখানে কোনো ফুটপাত না থাকায় এবং চারদিকের রাস্তা কাদাপানিতে একাকার হয়ে যাওয়ায় সাধারণ যাত্রী, নারী, শিশু ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক আলিম মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, মালবাহী গাড়ি নিয়ে এই মোড়ে এলেই বুকটা কেঁপে ওঠে। এখানে গাড়ি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়, সময়মতো গন্তব্যে পৌঁছানো যায় না। 

একই সুর ঢাকা থেকে সিলেটগামী দূরপাল্লার বাসচালক আজম খানেরও। তিনি বলেন, সড়ক ব্যবস্থাপনার এই দুর্দশা দেখার যেন কেউ নেই। এই মোড়ে পৌঁছালেই সব শিডিউল ভেস্তে যায়।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ), স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছিল প্রায় সাত-আট বছর আগে। শুরু থেকেই ধীরগতির এই প্রকল্প ২০২৪ সালের ৫ আগস্ট পর পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে বিগত দেড়-দুই বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া অংশে এই ১০-১৫ কিলোমিটার জুড়ে যানজট এখন নিত্যদিনের নিয়তিতে পরিণত হয়েছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান সার্বিক পরিস্থিতি নিয়ে জানান, মহাসড়কের চলমান ধীরগতির উন্নয়ন কাজ এবং চালকদের ট্রাফিক নিয়ম না মানার প্রবণতাই এই প্রতিদিনের যানজটের মূল কারণ। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে দীর্ঘ যানজট  বৃষ্টিতে বাড়তি ভোগান্তি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: