দুই শিশু বাঁচাতে মায়ের আর্তনাদ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের চেষ্টার শিকার ছয় ব্যক্তি তিন দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে দুই শিশু ও একজন

2026-06-17T02:33:42+00:00
2026-06-17T02:33:42+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
শূন্যরেখায় ৭২ ঘণ্টা
দুই শিশু বাঁচাতে মায়ের আর্তনাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:৩৩ এএম   (ভিজিট : ৬)
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের চেষ্টার শিকার ছয় ব্যক্তি। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের চেষ্টার শিকার ছয় ব্যক্তি তিন দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে দুই শিশু ও একজন নারী আছেন। খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো এসব মানুষের একজন সুমি আক্তার (২৫) আকুতি জানিয়ে বলেন, ‘ভাই, আমগোর জীবন গেলে যাক, আমগোর বাচ্চা দুইডারে বাঁচাইন। এভাবে আর দুইডা দিন ফালায় রাখলে বাচ্চাগুলো মরে যাবে।’

মঙ্গলবার বেলা ১১টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক ১০৬০ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলার এলাকার শূন্যরেখায় গিয়ে দেখা যায়, সেখানে ৬ জন অবস্থান করছেন। তাদের চারপাশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। স্থানীয় বাসিন্দাদের দেওয়া সামান্য খাবার ও পানি খেয়ে তারা দিন কাটাচ্ছেন।

সুমি আক্তার বলেন, ‘তিন দিন হইল সীমান্তে বইসা আছি। কোনো দেশেই নিচ্ছে না। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ারও উপায় নাই। চারদিকে দুই দেশের বাহিনী ও মানুষ ঘিরে আছে। না খাইতে পেরে বুকের দুধ শুকায় গেছে। বাচ্চাডা ঠিকমতো দুধ পায় না।’

সেখানে দেখা যায়, সুমি আক্তারের বড় মেয়ে ফাতেমা খাতুন (৫) বাবার কোলে শুয়ে আছে। ছোট শিশু ফাহিমা খাতুন বারবার কান্না করছে। সুমি কখনো তার মুখে পানি দিচ্ছেন, কখনো বুকের সঙ্গে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছেন। তবে অপুষ্টি ও খাদ্যসংকটের কারণে শিশুটিকে ঠিকমতো বুকের দুধ খাওয়াতে পারছেন না বলে জানান তিনি।

পুশইন চেষ্টার শিকার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া এলাকার কংশেরকুল গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৩৫), তার স্ত্রী সুমি আক্তার (২৫), তাদের দুই সন্তান ফাতেমা ও ফাহিমা এবং একই গ্রামের সজীব মিয়া (২৬) ও হিমেল মিয়া।

বিল্লাল হোসেন বলেন, ‘এক সপ্তাহ আগে দালালের মাধ্যমে কাজের আশায় ভারতে গেছিলাম। লোভে পড়ে ভারত গেছিলাম। পরে সে দেশে আটক হই। গত রোববার ভোরে কাঁটাতার পার করে দিছে। তিন দিন ধইরা নো ম্যানস ল্যান্ডে বসে আছি। আমরা বাংলাদেশি।’

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, রোববার ভোরে ভারতের ঝালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক নারী, তিন পুরুষ, দুই শিশুসহ ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের বাধা ও বিজিবির সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশের ভেতরে ঢুকতে পারেননি। এর পর থেকেই তারা আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

ঘটনার পর রোববার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক হয়, তবে  কোনো সমাধান হয়নি।

গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার মো. শফিকুল ইসলাম বলেন, ‘পুশইন চেষ্টার বিষয়টি নিয়ে পতাকা বৈঠক হয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়েছি, যথাযথ রাষ্ট্রীয় ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। বর্তমানে তারা নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন।’

চাঁপাইনবাবগঞ্জ পুশইনে সহায়তার অভিযোগে সাতজন আটক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিরুদ্ধে। 

তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় পুশইনে সহায়তার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩-আর-এর বিপরীতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা স্থানীয় এক মাঝির সহায়তায় নৌকাযোগে ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে। বিজিবি জানিয়েছে, ঘটনাকালে ওই নারী সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। ফলে তাকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি বলেছে, যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে বাহিনীটি। 

এদিকে পুশইন প্রচেষ্টায় সহায়তার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে গোমস্তাপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে মামলা করা হবে।

/এসএকে


  বিষয়:   শিশু  বাঁচা  মা  আর্তনাদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: