বিশ্বকাপে শিরোপা রক্ষার অভিযানে আজ সকাল ৭টায় মাঠে নামছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগেই নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। যথারীতি লিওনেল মেসির নেতৃত্বেই মাঠে নামছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল মেসির শুরুর একাদশে থাকা নিয়ে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকলেও শেষ পর্যন্ত তাকে প্রথম একাদশে রেখেছেন কোচ লিওনেল স্ক্যালোনি।
এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী ও অ্যাস্টন ভিলার এই তারকা ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।
রক্ষণভাগে বাঁ প্রান্তের ডিফেন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন ফাকুন্দো মেদিনা। ডান প্রান্তে থাকছেন গঞ্জালো মন্টিয়েল। ফলে নাহুয়েল মোলিনাকে বিশ্বকাপ অভিযান শুরু করতে হচ্ছে বেঞ্চে বসেই।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ :
এমিলিয়ানো মার্তিনেজ; গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।
/এসএকে