রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক। তারা উভয়েই মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে। আহতরা হলেন, হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা মেট্রো (ট-১২-৭৪৪৪) নম্বরের ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অন্য দুইজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মাহাবুর রাহমান জানান, ঘটনা স্থলে একজন নিহত হয় এবং আরও তিনজনকে গুরুত্ব আহতে হলে রামেক হাসপাতালে নেওয়া হলে হাচেন মারা যায়। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়েছে ট্রাকটি আটক করেছি।
সময়ের আলো/জোই