নোয়াখালীর সেনবাগে একটি বিদ্যালয় প্রাঙ্গণের ভেতরে দুই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগে ৩ কিশোরকে থানায় সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় বিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২ ছাত্রীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
থানায় সোপর্দ করা তিন কিশোর হলো- কাদরা ইউনিয়নের খলিফা পাড়ার মেহেদী হাসান দুলাল (১৭), একই এলাকার আবু ইউসুফ ফাহিম (১৭) এবং সেনবাগ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাহফুজুল ইসলাম (১৬)।
অন্যদিকে, বহিষ্কৃত দুই ছাত্রী হলো- চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সমিতা ইসলাম (১৪) ও সুমাইয়া আক্তার প্রীতি (১৪)।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় বহিরাগত দুলাল, ফাহিম ও মাহফুজুল বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় তারা অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে চকলেটসহ নানা উপহার দেয়। একই সময়ে একটি সাদা কাগজ দিতে গেলে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের নজরে আসে। তারা তাৎক্ষণিক বহিরাগত কিশোরদের ও দুই ছাত্রীকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়। প্রধান শিক্ষক উপহারসহ ‘আই লাভ’ লেখা কাগজটি জব্দ করে তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারপর অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার চাইলে- সবাই তা দিতে অস্বীকৃতি জানায়।
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন ইকবাল বলেন, ‘বহিরাগত ৩ জনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে এলাকার অনেক শিক্ষার্থী সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এলাকার বিভিন্ন দোকানে বসে আড্ডা দেয় এবং কেউ কেউ মাদকের সঙ্গেও জড়িয়ে পড়ছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম বলেন, ‘থানা থেকে আমাকে বিষয়টি অবগত করা হয়েছে। আমি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমকে দায়িত্ব দিয়েছি বিষয়টি দেখার জন্য। তিনি গিয়ে আটককৃতদের বয়স পরীক্ষা করবেন। তারপর বিধি মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।’
/মহু