দক্ষিণ লেবাননে স্থল অভিযান চলাকালীন হিজবুল্লাহর শক্তিশালী আইইডি (আইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ও পৃথক ড্রোন হামলায় আলেকজান্ডার ফিলিন (২৯) নামে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক চিফ সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আইডিএফ-এর ৩৬তম ডিভিশনের একজন ডেপুটি কমান্ডার (কর্নেল পদমর্যাদার) এবং একজন লেফটেন্যান্ট কর্নেলসহ অন্তত ১২ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইডিএফ জানায়, নিহত আলেকজান্ডার ফিলিন হাইফা শহরের বাসিন্দা ছিলেন এবং তিনি ৩৬তম ডিভিশনের কমান্ড পোস্টের একজন লড়াকু সেনা হিসেবে দায়িত্বরত ছিলেন।
সামরিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে ৩৬তম ডিভিশন এবং গিভাতি ব্রিগেডের একটি যৌথ সেনাদল দক্ষিণ লেবাননের লিটানি নদীর তীরবর্তী এলাকা দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল। এ সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহর পেতে রাখা একটি আইইডি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ফিলিন নিহত হন এবং ডেপুটি কমান্ডারসহ আরও অন্তত সাতজন সেনা আহত হন।
আহতদের মধ্যে ৩৬তম ডিভিশনের ডেপুটি কমান্ডার (কর্নেল), ৫৫৬তম ব্যাটালিয়নের কমান্ডার (লেফটেন্যান্ট-কর্নেল) এবং আরেকজন রিজার্ভ সেনা মাঝারি ধরনের জখম হয়েছেন। এ ছাড়া একজন কমব্যাট এনসিও (নন-কমিশন্ড অফিসার) এবং তিন রিজার্ভ সেনা (যাদের মধ্যে একজন নারী সেনা রয়েছেন) সামান্য আহত হয়েছেন। এই ঘটনার পরপরই ইসরায়েলি বাহিনী ওই এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক আর্টিলারি বা কামান হামলা চালায়। ঘটনাটি নিয়ে আইডিএফ বর্তমানে তদন্ত করছে।
হাইফার মেয়র ইয়োনা ইয়াহভ এক বিবৃতিতে ফিলিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে লেবাননে বুধবার সকালে হিজবুল্লাহর অপর এক দ্বৈত ড্রোন হামলায় আরও পাঁচ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। প্রথম ড্রোনটি গিভাতি ব্রিগেডের একটি ট্যাংকের কাছাকাছি বিস্ফোরিত হলে সেটির স্প্লিন্টারের আঘাতে চারজন সেনা আহত হন। তাদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরই আরেকটি ড্রোন আঘাত হানে এবং সেখানে পঞ্চম আরেকজন সেনা আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, দুজনের অবস্থা মাঝারি এবং বাকি দুজন সামান্য আহত হয়েছেন। এই ড্রোন হামলার জবাবেও ইসরায়েলি গোলন্দাজ বাহিনী লেবাননের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে পালটা গোলাবর্ষণ করেছে।
সময়ের আলো/কহু